হুগলির ১৪ আসনেই ফুটবে ঘাসফুল! গণনার আগে ‘নির্ভার’ তৃণমূল, উল্লাসে টগবগ করছে বিজেপি শিবির

হুগলির ১৪ আসনেই ফুটবে ঘাসফুল! গণনার আগে ‘নির্ভার’ তৃণমূল, উল্লাসে টগবগ করছে বিজেপি শিবির

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২৬-এর মেগা লড়াইয়ের ফলপ্রকাশ কাল। তার আগে হুগলি জেলার ১৪টি বিধানসভা আসনের সমীকরণ নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। তবে আশ্চর্যের বিষয় হলো, ফলাফল নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে বিশেষ কোনও ‘তাপ-উত্তাপ’ নেই। চণ্ডীতলা থেকে তারকেশ্বর— সবকটি আসনেই জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত ঘাসফুল শিবির। বিপরীতে, বেশ কিছু আসনে জয়ের সম্ভাবনা দেখে উচ্ছ্বসিত গেরুয়া বাহিনী। অন্যদিকে, নিঃশব্দে ঘর গোছাতে ব্যস্ত বামেরা।

তৃণমূলের আত্মবিশ্বাস ও সতর্কতা

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইনের দাবি, তাঁরা সারাবছর মানুষের পাশে থাকেন, তাই আলাদা করে দুশ্চিন্তার কিছু নেই। তাঁর কথায়, “চণ্ডীতলা থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতিটি আসন তৃণমূলেরই ছিল এবং থাকবে।” তবে জয়ের ব্যাপারে নিশ্চিত হলেও গণনা প্রক্রিয়া নিয়ে বিন্দুমাত্র ঢিলেমি দিতে নারাজ নেতৃত্ব। বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দিহান শাসক দল। তাই শনিবারের বৈঠকে কাউন্টিং এজেন্টদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ইভিএম সিল খোলা থেকে শুরু করে ডেটা এন্ট্রি পর্যন্ত সব স্তরেই কড়া নজরদারি রাখতে চাইছে চুঁচুড়া।

বিজেপির উল্লাস ও বামেদের প্রস্তুতি

তৃণমূল যখন শান্ত, তখন বিজেপি শিবিরে উত্তেজনার পারদ চড়ছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের দাবি, তাঁদের দলীয় সমীক্ষায় ইতিবাচক ইঙ্গিত মিলেছে। বিশেষ করে সপ্তগ্রাম, বলাগড়, চুঁচুড়া, ধনেখালি এবং সিঙ্গুরের মতো আসনগুলোতে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যাচ্ছে। গেরুয়া শিবিরের মতে, এবার হুগলির ভোটবাক্সে বড়সড় চমক অপেক্ষা করে আছে। তার মধ্যেই গণনার প্রস্তুতি তুঙ্গে রেখেছে তারা।

অন্য মেরুতে সিপিএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষ জানিয়েছেন, তাঁরা আপাতত গণনাকেন্দ্রের এজেন্টদের প্রশিক্ষণ এবং কৌশল নির্ধারণ নিয়ে ব্যস্ত। ফলাফলের চেয়েও গণনার স্বচ্ছতা রক্ষা করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাম শিবির। মানুষের বিবেচনার ওপর ভরসা রেখেই ময়দানে নামছে তারা।

সমীক্ষায় দাপট কার?

ভোট মিটতেই বুথভিত্তিক কাটাছেঁড়া শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারই তাঁরা দাবি করেছিলেন, ২০২১-এর মতো এবারও হুগলিতে একচেত্র আধিপত্য বজায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যেও সেই একই আত্মবিশ্বাস ধরা পড়ছে। ফলে সোমবার ইভিএম খোলার আগে হুগলির রাজনৈতিক আকাশ আপাতশান্ত মনে হলেও, ভেতরে ভেতরে বড় জয়ের অপেক্ষায় প্রহর গুনছে ঘাসফুল শিবির।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *