‘বিরোধীরা বড়জোর ৭৮, আমরা ২০০ পার’, গণনার আগে ‘গোপন নথি’র কথা বলে বোমা ফাটালেন কুণাল

আগামীকাল ৪ মে মহাগণনার ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিলেন তৃণমূলের অন্যতম প্রধান মুখ কুণাল ঘোষ। তাঁর দাবি, বিরোধীদের এক অতি গোপন নথিতেই ধরা পড়েছে তাদের শোচনীয় পরাজয়ের চিত্র। ২৯৪টি আসনের ভোট নিয়ে এই মুহূর্তে যখন টানটান উত্তেজনা, তখন কুণালের এই দাবি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।
গোপন নথির চাঞ্চল্যকর দাবি
কুণাল ঘোষের দাবি অনুযায়ী, তৃণমূলের বিরোধী একটি বিশেষ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ বা ‘কনফিডেনশিয়াল’ রিপোর্টে স্বীকার করা হয়েছে যে তারা রাজ্যে বড়জোর ৭৮টি আসন জিততে পারে। কুণাল বলেন, “ওই বৈঠকের নথিতে ২৯৪টি আসনের চূড়ান্ত পর্যবেক্ষণ রয়েছে। ওরা নিজেরাও জানে মানুষ কাদের বেছে নিয়েছে।” তাঁর মতে, বিরোধীরা বাইরে জয়ের দাবি করলেও ভেতরে ভেতরে হারের আতঙ্কে ভুগছে।
তৃণমূলের জয়ের সমীকরণ
ভোটের দুই দফার পর ঘাসফুল শিবিরের অবস্থান ঠিক কোথায়, তারও এক সম্ভাব্য হিসেব এদিন পেশ করেছেন কুণাল। তাঁর বিশ্লেষণ অনুযায়ী:
- প্রথম দফা: প্রথম দফার ভোট শেষ হতেই তৃণমূল ১০০-র গণ্ডি পার করে ফেলেছে।
- দ্বিতীয় দফা: দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর সেই জয়ের সংখ্যা ২০০-র ম্যাজিক ফিগার ছাড়িয়ে গিয়েছে।অর্থাৎ, ফল প্রকাশের আগেই তৃণমূল নেতৃত্ব জয়ের ব্যাপারে ২০০ শতাংশ নিশ্চিত বলে বার্তা দিয়েছেন তিনি।
পাল্টা আক্রমণ বিজেপির
কুণাল ঘোষের এই দাবিকে স্রেফ ‘গল্প’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি শিবির। গেরুয়া নেতৃত্বের পাল্টি যুক্তি, তৃণমূল আসলে হার নিশ্চিত বুঝেই এখন কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এই ধরণের মনগড়া এবং ভিত্তিহীন কথা বলছে। বিজেপির এক নেতার কথায়, “এসব ডাহা মিথ্যা। ৪ মে ইভিএম খুললেই বোঝা যাবে কারা ৭৮-এ আটকে থাকে আর কারা ক্ষমতায় আসে। কাউন্টিং এজেন্টদের ভয় দূর করতেই এই সব কাল্পনিক নথির আমদানি করা হচ্ছে।”
মহাগণনার আগে স্নায়ুর এই চূড়ান্ত লড়াইয়ে কুণাল ঘোষের ‘গোপন নথি’র দাওয়াই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। শেষ পর্যন্ত এই দাবির কতটা প্রতিফলন ইভিএম-এ দেখা যায়, তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।