পুত্রের খুনিদের ফাঁসি চাই না, চন্দ্রনাথের মায়ের আর্তিতে স্তম্ভিত রাজনৈতিক মহল

পুত্রের খুনিদের ফাঁসি চাই না, চন্দ্রনাথের মায়ের আর্তিতে স্তম্ভিত রাজনৈতিক মহল

শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী তথা ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। তবে এই চরম শোকের আবহেও অনন্য মানবিকতার নজির গড়লেন নিহতের মা হাসিরানি রথ। চণ্ডীপুরের কুলটা গ্রামের বাড়িতে বসে পুত্রহারা মা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি অপরাধীদের ফাঁসি চান না। তাঁর কথায়, “আমি মা হয়ে অন্য কোনো মায়ের কোল খালি হোক তা চাইব না। ওদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়।”

টার্গেট ছিলেন চন্দ্রনাথ?

প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথ অবসর গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব সামলানোর কারণেই তাঁকে রাজনৈতিক চক্রান্ত করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। হাসিরানি রথের দাবি, তাঁর ছেলে আগে থেকেই হুমকি ফোন পাওয়ার কথা জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সাফল্যের কারণেই চন্দ্রনাথকে ‘সফট টার্গেট’ করা হয়েছে বলে মনে করছে তাঁর পরিবার। বুধবার নির্বাচনী ব্যস্ততা সেরে ফেরার পথেই মধ্যমগ্রামের কাছে আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি।

তদন্তে মিলল ভুয়ো নম্বর প্লেটের হদিশ

এই হত্যাকাণ্ডের কিনারা করতে ইতিমিধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটিতে একটি শিলিগুড়ির আরটিও নিবন্ধিত ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্র ধরে পুলিশ দুটি মোটরবাইক ও একটি চারচাকা গাড়ির সন্ধান পেয়েছে। ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকায় এই খুনের নেপথ্যে গভীর রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় শান্ত ও বিনয়ী হিসেবে পরিচিত চন্দ্রনাথের এই পরিণতিতে গোটা চণ্ডীপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *