২৫ লাখ টাকার টিকিট আর মাঝসমুদ্রে মৃত্যুর হাতছানি, এমভি হোন্ডিয়াস ক্রুজে হান্তা ভাইরাসের আতঙ্ক!

আটলান্টিক মহাসাগরের বুকে এক বিলাসবহুল প্রমোদতরণী এখন বিভীষিকার নাম। ‘এমভি হোন্ডিয়াস’ নামক এই ক্রুজ শিপে ছড়িয়ে পড়েছে বিরল ও প্রাণঘাতী ‘হান্তা ভাইরাস’। গত এক মাসে এই ভাইরাসের কবলে পড়ে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে জাহাজটি ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে। ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় যাত্রীদের এখনই জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হচ্ছে না।
রহস্যময় সংক্রমণ ও মৃত্যুর মিছিল
গত ৬ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল এই লাক্সারি ক্রুজটি। যাত্রার কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েন ৭০ বছর বয়সী এক পর্যটক, পরে ১১ এপ্রিল জাহাজের ভেতরেই তার মৃত্যু হয়। এরপর একে একে আরও দুই যাত্রী এই ভাইরাসে প্রাণ হারান। মূলত ইঁদুরের লালা বা মলমূত্র থেকে ছড়ানো এই ভাইরাসের উপসর্গ দেখা দিতে প্রায় আট সপ্তাহ সময় লাগতে পারে। আক্রান্তদের ফুসফুসে জল জমে শ্বাসকষ্ট শুরু হয়, যা দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। দুই ভারতীয় ক্রু সদস্যসহ জাহাজে থাকা বাকিদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মালিকানা ও বিপুল খরচ
ওশানওয়াইড এক্সপিডিশনস নামক নেদারল্যান্ডসভিত্তিক একটি সংস্থা এই জাহাজটি পরিচালনা করে, যার মালিক উইনান্ড ভ্যান গেসেল। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই বিশেষ মেরু-শ্রেণীর জাহাজটি বরফশীতল সমুদ্রে চলাচলের জন্য তৈরি। ৪২ দিনের এই রোমাঞ্চকর সফরের টিকিটের দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। সুযোগ-সুবিধা অনুযায়ী এই জাহাজে জনপ্রতি টিকিটের দাম প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আকাশছোঁয়া খরচ করেও এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন পর্যটকরা।
এক ঝলকে
- আটলান্টিক মহাসাগরে এমভি হোন্ডিয়াস ক্রুজ শিপে হান্তা ভাইরাসের আক্রমণে ৩ জনের মৃত্যু।
- সংক্রমিত হওয়ার আশঙ্কায় ২৩টি দেশের ১৫০ জন যাত্রীকে জাহাজ থেকে নামতে বাধা।
- নেদারল্যান্ডের ওশানওয়াইড এক্সপিডিশনস পরিচালিত এই জাহাজে ২ জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন।
- বিলাসবহুল এই সফরের সর্বোচ্চ টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা।