রক্তে ভাসছে ঘর, খাটের নীচে পোস্ট অফিস কর্মীর বীভৎস দেহ! কাঁচরাপাড়ায় তীব্র চাঞ্চল্য

কাঁচরাপাড়া: সাতসকালে ঘরভর্তি রক্ত আর খাটের নীচে পড়ে থাকা রক্তাক্ত দেহকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কাঁচরাপাড়ার রজনীবাবু রোড এলাকা। সোমবার সকালে কাঁচরাপাড়া পোস্ট অফিসের কর্মী ঋত্বিক সরকারের রহস্যমৃত্যুর ঘটনায় ১৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ডুয়ার্সের বীরপাড়ার বাসিন্দা ঋত্বিক কর্মসূত্রে ওই এলাকায় ভাড়া থাকতেন। উদ্ধার হওয়া দেহের নগ্ন ও রক্তাক্ত অবস্থা দেখে ঘটনার নেপথ্যে বড় কোনো অপরাধের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সহকর্মীদের তৎপরতায় প্রকাশ্যে এল ঘটনা
সোমবার সকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঋত্বিককে একাধিকবার ফোন করেন তাঁর সহকর্মীরা। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। এরপরেই অফিসের কর্মীরা তাঁর ভাড়া বাড়িতে গিয়ে উপস্থিত হন। ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তাঁরা শিউরে ওঠেন। বাথরুমের প্যাসেজ থেকে শোওয়ার ঘর পর্যন্ত চাপ চাপ রক্ত পড়ে ছিল। খাটের তলায় মাথা ঢোকানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। তৎক্ষণাৎ বীজপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রহস্যের জটে খুনের সম্ভাবনা
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঋত্বিক এলাকায় খুব একটা মেলামেশা করতেন না। নিয়মিত কাজে যাওয়া এবং রাতে দেরিতে ঘরে ফেরাই ছিল তাঁর রুটিন। কিন্তু যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে, তাতে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘরের ভেতর রক্তের গতিপথ এবং দেহের অবস্থান দেখে ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ ইতিমত্যেই ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে। পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ঋত্বিকের শেষ কয়েক ঘণ্টার গতিবিধি জানার চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।