মুলায়ম-পুত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া, নেপথ্যে কি পুরনো ফুসফুসের ব্যাধি!

মুলায়ম-পুত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া, নেপথ্যে কি পুরনো ফুসফুসের ব্যাধি!

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে লখনউতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও প্রতীক নিজেকে রাজনীতি থেকে দূরে রেখে শরীরচর্চা ও ফিটনেস দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র ৩৮ বছর বয়সে তার এই চলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ফুসফুসের জটিলতায় ভুগছিলেন প্রতীক

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতীক বেশ কিছুদিন ধরে ফুসফুসের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, তার ফুসফুসে রক্ত জমাট বাঁধার সমস্যা বা ‘লাং ক্লট’ তৈরি হয়েছিল। এই শারীরিক জটিলতার কারণে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। বুধবার ভোরে হঠাৎ শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ময়নাতদন্তে বিশেষ মেডিক্যাল টিম

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রতীকের দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে চার সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখতে পুরো ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। চিকিৎসকদের ধারণা, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হওয়া যাবে যে মৃত্যুটি হৃদরোগে নাকি ফুসফুসের পুরনো জটিলতা থেকেই ঘটেছে।

প্রতীক যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সৎ ভাই। ব্যক্তিগত জীবনে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং পারিবারিক নানা গুঞ্জনের মধ্যেই তার এই প্রয়াণ যাদব পরিবারে শোকের আবহ তৈরি করেছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত অখিলেশ যাদব বা প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। শারীরিক অসুস্থতাই এই অকাল মৃত্যুর প্রধান কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *