নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট বৈঠক, বড় ঘোষণায় খুলল উন্নয়নের নতুন দুয়ার!

নবান্নে দায়িত্ব গ্রহণের পরেই প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাঁচজন নবনির্বাচিত মন্ত্রী ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে আয়োজিত এই বৈঠকে মূলত কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্যে এখন থেকে ‘ডবল ইঞ্জিন’ সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে।
কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ও আইনি সংস্কার
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দীর্ঘ প্রতীক্ষার পর এবার থেকে পশ্চিমবঙ্গ ‘বেটি বাঁচাও’, ‘বিশ্বকর্মা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলোতে যুক্ত হতে চলেছে। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। পাশাপাশি, আইনি ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে রাজ্যে অসাংবিধানিক ভাবে চলে আসা আইপিসি (IPC)-র পরিবর্তে আজ থেকেই ‘ভারতীয় ন্যায় সংহিতা’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএসএফকে সীমান্তের কাঁটাতার দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে সীমান্তবর্তী নিরাপত্তা সুনিশ্চিত করার পথ প্রশস্ত করা হয়েছে।
কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা
রাজ্যের যুবসমাজের জন্য বড় সুখবর দিয়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা। পাশাপাশি, ৩২১ জন বিজেপি কর্মীর ‘আত্মবলিদানকারী’ পরিবারের দায়িত্ব গ্রহণ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে আইএএস এবং আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
অব্যাহত থাকবে জনকল্যাণমুখী প্রকল্প
পূর্বতন সরকারের একাধিক প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ থাকলেও, মুখ্যমন্ত্রী আজ তা দূর করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। বরং মানুষ নতুন করে আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন। গত সরকারের নানা ত্রুটি নিয়ে সরব হলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হবে না। একটি ভয়মুক্ত ও অবাধ নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান।