‘রামায়ণ’ এখনও মুক্তি পায়নি, তার আগেই অযোধ্যায় বড় চমক! কত টাকার জমি কিনলেন রণবীর?

বলিউড অভিনেতা রণবীর কাপুরের আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে এমনিতেই অনুরাগী ও সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবি মুক্তির এই আবহে এবার রিয়েল এস্টেট জগতেও বড়সড় চমক দিলেন অভিনেতা। উত্তরপ্রদেশের পবিত্র শহর অযোধ্যায় বিশাল অঙ্কের বিনিময়ে একটি প্রিমিয়াম জমি কিনেছেন রণবীর কাপুর, যা নিয়ে বর্তমানে বিনোদন ও ব্যবসা জগতে জোর চর্চা শুরু হয়েছে।
জানা গেছে, অযোধ্যায় ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’-র ৭৫ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রজেক্ট ‘দ্য সরযু’-তে এই জমিটি কিনেছেন রণবীর। সরযূ নদীর তীরে অবস্থিত ২,১৩৪ বর্গফুটের এই প্লটটির মূল্য প্রায় ৩.৩১ কোটি টাকা। ‘দ্য সরযূ বাই হোয়াবল’ নামের এই বিলাসবহুল প্রকল্পে থাকবে একটি আধুনিক ক্লাবহাউস, ৩৫টিরও বেশি লাইফস্টাইল সুবিধা এবং পাঁচ একর জায়গা জুড়ে একটি নিরামিষ ফাইভ স্টার হোটেল, যা পরিচালনা করবে বিখ্যাত চেইন ‘দ্য লীলা’।
সাংস্কৃতিক সংযোগ ও ঐতিহ্য রক্ষা
অযোধ্যায় এই বিনিয়োগের পেছনে গভীর আবেগ ও সাংস্কৃতিক সংযোগের কথা জানিয়েছেন রণবীর কাপুর নিজেই। তাঁর মতে, অযোধ্যা ভারতের ইতিহাসে ও সাংস্কৃতিক বুননে গভীরভাবে প্রোথিত। সরযূ নদীর তীরের এই জমিটি ভবিষ্যতে তাঁর পরিবারের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সম্পূর্ণ ডিজিটাল এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই জমি কেনার যাত্রাটি সহজ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবির আবহ
রণবীর কাপুরের এই জমি কেনার নেপথ্যে তাঁর আগামী ছবি ‘রামায়ণ’-এর একটি বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবিটি ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে চলেছে। ছবিতে রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে, কন্যাসন্তান রাহার জন্মের পর এই চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের অন্যতম সেরা ও সুন্দর একটি কাকতালীয় ঘটনা।
চলতি বছর দিওয়ালির পুণ্য লগ্নে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’-এর প্রথম পার্ট এবং আগামী বছর দিওয়ালিতে আসবে দ্বিতীয় পার্ট। ছবি মুক্তির আগেই অযোধ্যার মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে রণবীরের এই আবাসন বিনিয়োগ সামগ্রিকভাবে অযোধ্যার রিয়েল এস্টেট বাজারের গুরুত্ব এবং ছবির প্রচারণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।