জানলা টপকে চম্পট বিধায়কের! পুলিশ আসতেই সিনেমার কায়দায় পালালেন তৃণমূলের দিলীপ মণ্ডল

জানলা টপকে চম্পট বিধায়কের! পুলিশ আসতেই সিনেমার কায়দায় পালালেন তৃণমূলের দিলীপ মণ্ডল

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও বিজেপিকে হুমকির জেরে শেষমেশ পুলিশের হাত থেকে বাঁচতে সিনেমার কায়দায় পালালেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তাঁর বিলাসবহুল বাড়িতে পুলিশ হানা দিতেই পিছনের জানলা গলে চম্পট দেন তিনি। পুলিশের চোখে ধুলো দিতে পোশাক বদল থেকে শুরু করে মাঠ-জলাজমি পেরিয়ে বিধায়কের এই রুদ্ধশ্বাস পলায়নের পুরো ঘটনাটিই ধরা পড়েছে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়।

সিনেমার কায়দায় রুদ্ধশ্বাস পলায়ন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের খোঁজে তাঁর পৈলানের বাড়িতে পৌঁছায় পুলিশ বাহিনী। কিন্তু পুলিশ বাড়ির সদর দরজায় আসতেই সকাল ৯টা নাগাদ পাজামা-পাঞ্জাবি পরা অবস্থায় পিছনের জানলা টপকে খালি পায়ে দৌড় লাগান বিধায়ক। পরে যাতে কেউ চিনতে না পারে, সেজন্য এক ব্যক্তির কাছ থেকে আকাশি রঙের একটি টি-শার্ট জোগাড় করে পোশাক বদলে ফেলেন তিনি। এরপর পুলিশের নজর এড়াতে একটি নির্মীয়মাণ কাঠামোর পাশ দিয়ে ড্রেন, জলাজমি ও মাঠ পেরিয়ে ডায়মন্ড হারবার রোডের দিকে পালিয়ে যান। দৌড়ানোর সময় এক বাসিন্দা তাঁকে চটি দিলেও তা ছিঁড়ে যায়। এই পলায়নের পুরো রুট এবং জুতো ছেঁড়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে।

হুমকি পোস্ট ও জামিন অযোগ্য ধারা

বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে তৃণমূলের একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে। বিধানসভা ভোটের ফলাফলের পর বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দিলীপ মণ্ডল মন্তব্য করেন, “তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?” মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য এবং একের পর এক হুমকি পোস্টের জেরে তীব্র উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এর পরেই বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে তদন্তে নামে। বর্তমানে পুলিশ বিধায়কের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর সন্ধান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *