টাকা ছাড়াই মিলবে কলেজের আসন, ভর্তিতে স্বচ্ছতা আনতে চালু হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল

টাকা দিলেই কলেজের আসন নিশ্চিত— বিগত দিনে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে এমন ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। অযোগ্যদের টাকার বিনিময়ে ভর্তি পাইয়ে দেওয়ার সেই চেনা ছবি এবার বদলে যেতে চলেছে। কলেজে ভর্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে এক অভিনব পদক্ষেপ নিল রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। এবার থেকে আর এই কলেজ থেকে ওই কলেজে দৌড়াদৌড়ি করতে হবে না ছাত্রছাত্রীদের, ফর্ম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরানোর দিনও শেষ। আগামী ১৮ মে, সোমবার থেকেই রাজ্যে চালু হতে যাচ্ছে কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল।
সহজ আবেদন ও হয়রানির অবসান
নতুন এই ব্যবস্থার ফলে উচ্চমাধ্যমিক পাস করা পরীক্ষার্থীরা ঘরে বসেই সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১৮ মে থেকে শুরু হয়ে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১ জুন পর্যন্ত। জানা গেছে, https://banglaruchchashiksha.wb.gov.in অথবা https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন’ অপশনে ক্লিক করে আবেদন করা যাবে। রাজ্যের প্রায় ৪৬০টি সরকারি ও সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এই পোর্টালের আওতাভুক্ত থাকছে। একজন পড়ুয়া কোনও আবেদনমূল্য ছাড়াই সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করার সুযোগ পাবেন এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এসএমএস ও ই-মেলের মাধ্যমে সরাসরি জানতে পারবেন।
মেধাতালিকা ও নতুন শিক্ষাবর্ষের নির্ঘণ্ট
ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ জুন পোর্টালের মাধ্যমেই কলেজ ও বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৫ জুনের মধ্যে মেধার ভিত্তিতে আসন বণ্টন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় ফি শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই জমা নেওয়া হবে, ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক লেনদেনের অনিয়মের সুযোগ থাকবে না। পরবর্তীতে ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের নিজ নিজ কলেজে গিয়ে মূল নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন করাতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
এই কেন্দ্রীয় পোর্টাল চালুর ফলে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খর্ব হবে এবং কেবল যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীরা পছন্দের কলেজে পড়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।