ট্রেনে ঘি নিয়ে যাচ্ছেন! রেলের এই বিশেষ নিয়ম না মানলেই দিতে হবে মোটা জরিমানা

প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ভারতীয় রেলের ওপর ভরসা করেন। তবে বিমানযাত্রার মতো রেল ভ্রমণের ক্ষেত্রেও যে মালামাল বহনের সুনির্দিষ্ট ও কঠোর কিছু নিয়ম রয়েছে, সে বিষয়ে সাধারণ যাত্রীদের বড় একটি অংশই অবগত নন। বিশেষ করে বাড়ি থেকে কর্মক্ষেত্রে ফেরার পথে অনেকের ব্যাগেই থাকে প্রিয় খাঁটি ঘি। কিন্তু রেলে ঘি বহনের ক্ষেত্রে রয়েছে কঠোর বিধিনিষেধ, যা অমান্য করলে যাত্রীদের জরিমানা থেকে শুরু করে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে।
ঘি বহনের কঠোর শর্তাবলি
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ট্রেনে সর্বোচ্চ ২০ কিলোগ্রাম পর্যন্ত ঘি সঙ্গে রাখতে পারবেন। তবে এর চেয়ে বেশি পরিমাণে ঘি নিয়ে যেতে চাইলে রেল কর্তৃপক্ষের কাছ থেকে আগেভাগেই বিশেষ অনুমতি নিতে হবে। শুধু পরিমাণের দিকেই নয়, ঘিয়ের প্যাকিংয়ের ক্ষেত্রেও রয়েছে কড়া নিয়ম। কোনো অবস্থাতেই প্লাস্টিকের বোতল বা সাধারণ পাত্রে ঘি পরিবহন করা যাবে না। ঘি অবশ্যই ভালোভাবে সিল করা টিন বা ক্যানিস্টারে প্যাক করতে হবে, যাতে তা কোনোভাবে গলে বা চুইয়ে বাইরে পড়ে ট্রেনের পরিবেশ নষ্ট না করে।
নিষিদ্ধ পণ্যের তালিকা ও শাস্তির বিধান
রেল যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক সফরের কথা মাথায় রেখে ঘি ছাড়াও একগুচ্ছ দাহ্য ও বিপজ্জনক বস্তু ট্রেনে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রেলওয়ে। এই তালিকায় রয়েছে গ্যাস সিলিন্ডার, পেট্রোল, ডিজেল, আতশবাজি, বারুদ, অস্ত্র এবং যেকোনো ধরনের বিপজ্জনক রাসায়নিক পদার্থ।
সচেতনতার অভাবে বা জেনেশুনে কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করেন, তবে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর মালামাল বাজেয়াপ্ত করা হতে পারে। একই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা আরোপের পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ বা কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। মূলত ট্রেনের ভেতর সহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা এড়াতেই রেল দপ্তর এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।