কাল্পনিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হাসির খোরাক পাক জওয়ান!
.jpg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে দাবি করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন এক পাক সেনা জওয়ান। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুনিব জামাল নামের ওই জওয়ানের এই দাবি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠেছে। কারণ, যে দুটি ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে তিনি দাবি করেছেন, বাস্তবে সেগুলির কোনো অস্তিত্বই নেই।
সাক্ষাৎকারে ওই পাক জওয়ান দাবি করেন, ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে তারা ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছিলেন। এর অধীনে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটজুড়ে একাধিক হামলা চালানো হয়। এমনকি ফাতেহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের রাজৌরি ও মামুনের বায়ুসেনা ঘাঁটিতে সফলভাবে আঘাত হানার কথাও বলেন তিনি। তবে ভৌগোলিক ও সামরিক বাস্তবতার সঙ্গে এই দাবির কোনো মিল নেই। জম্মু-কাশ্মীরের রাজৌরি একটি জেলা হলেও সেখানে ভারতীয় বায়ুসেনার কোনো ঘাঁটি নেই। অন্যদিকে, পাঞ্জাবের পাঠানকোটের কাছের মামুন এলাকাটি একটি সামরিক ক্যান্টনমেন্ট হলেও সেটি সেনাবাহিনীর অন্তর্গত, বায়ুসেনার নয়।
মনোবল বাড়ানোর চেষ্টা নাকি ভুয়ো প্রচার
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরনের ভিত্তিহীন ও বেমানান দাবি মূলত পাকিস্তানের দীর্ঘদিনের ভুয়ো প্রচার কৌশলেরই অংশ। ভারতের সামরিক শক্তির সাফল্যের বিপরীতে নিজেদের অভ্যন্তরীণ জনমতের কাছে মুখ রক্ষা এবং বাহিনীর মনোবল চাঙ্গা রাখতেই এই ধরনের মনগড়া তথ্য ছড়ানো হয়ে থাকে। ভারতীয় প্রতিরক্ষা মহলও এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে স্রেফ একটি কৌতুক হিসেবেই দেখছে।
নেটদুনিয়ায় ট্রোলিং ও মিমের বন্যা
পাক জওয়ানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের ঝড় উঠেছে। নেটিজেনরা ব্যঙ্গ করে লিখছেন, গুগল ম্যাপ ও ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে এখন রাজৌরি ও মামুন বায়ুসেনা ঘাঁটি খুঁজছে। কেউ কেউ আবার উপহাস করে বলছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটি দুটি বোধহয় মানচিত্র থেকেই উধাও হয়ে গেছে। ফলে কোনো প্রকৃত সামরিক ক্ষতি তো দূর, অস্তিত্বহীন ঘাঁটিতে হামলার এই আজব গল্প এখন নেটদুনিয়ায় নতুন হাসির খোরাকে পরিণত হয়েছে।