সব ঠিক থাকলে ১৩ বছর পর হাওড়ায় পুরভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

১৩ বছর পর অবশেষে কি কাটছে গেরো, বছর ঘুরলেই কি ভোট হাওড়া পুরসভায়? মুখ্যমন্ত্রীর ঘোষণায় তুঙ্গে জল্পনা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নির্বাচনহীন থাকা হাওড়া পুরসভার ভোট নিয়ে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ভোট সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের পর এবার রাজ্যজুড়ে বকেয়া পুরভোট সম্পন্ন করতে নবান্ন নড়েচড়ে বসেছে। হাওড়া ছাড়াও রাজ্যের আরও ১৫টি বকেয়া পুরসভা এবং আগামী বছরের শুরুতে মেয়াদ শেষ হতে চলা ১১২টি পুরসভা মিলিয়ে মোট ১২৭টি পুর এলাকায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
হাওড়ায় অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, শহরের পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং সার্বিক পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে একটি তিন মাসের ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করা হয়েছে। তবে দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় থমকে থাকা নাগরিক পরিষেবা পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে, পুরভোটের এই দামামার মাঝেই অনুপ্রবেশকারীদের নিয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, হাওড়ায় কোনও অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে আর আদালতে পেশ না করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে।
আইনি ও প্রশাসনিক জটিলতার পাহাড়
নির্বাচন করানোর পথে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশনের শূন্যপদ। গত বছরের সেপ্টেম্বর থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি খালি পড়ে রয়েছে। পাশাপাশি কমিশনের সচিবের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল হওয়া এবং যুগ্ম সচিব স্তরের আধিকারিক না থাকায় কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে কমিশন। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, এই গুরুত্বপূর্ণ পদগুলি দ্রুত পূরণ না করা গেলে দুর্গাপূজার আগে ভোট করানো আসাম্ভব।
বোর্ডহীন পুরসভার ভবিষ্যৎ
বর্তমানে হাওড়া ছাড়াও দুর্গাপুর, হলদিয়া, রায়গঞ্জ, কালিম্পং সহ রাজ্যের ১৫টি পুরসভা কোনও নির্বাচিত বোর্ড ছাড়াই কেবল সরকারি প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ২০১৭ সালের পর এই এলাকাগুলিতে আর কোনও ভোট হয়নি। নবগঠিত মন্ত্রিসভার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মূলত এই বকেয়া ভোটগুলি করানোর প্রক্রিয়া গতি পেয়েছে। তবে নির্বাচন কমিশনের শূন্যপদ পূরণ এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ কত দ্রুত শেষ হয়, তার ওপরেই নির্ভর করছে হাওড়াবাসীর ভোটের ভাগ্য।
এক ঝলকে
- দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরেই হাওড়া পুরসভা নির্বাচন করানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- বকেয়া পুরভোটের তালিকায় হাওড়া, দুর্গাপুর, হলদিয়া সহ ১৫টি বোর্ডহীন পুরসভা এবং আগামী বছরের বকেয়া মিলিয়ে মোট ১২৭টি পুর নির্বাচন রয়েছে।
- নির্বাচন করানোর ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার ও সচিব সহ গুরুত্বপূর্ণ শূন্যপদগুলি এই মুহূর্তে প্রধান প্রশাসনিক চ্যালেঞ্জ।
- অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধৃত অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে সোপর্দ করা হবে।