আমেরিকার গ্রিন কার্ডের নিয়মে বড় বদল, বিপাকে অনাবাসী ভারতীয়রা!

আমেরিকার গ্রিন কার্ডের নিয়মে বড় বদল, বিপাকে অনাবাসী ভারতীয়রা!

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য বড় ধাক্কা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের আবেদন বা তা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, এই কার্ড পেতে হলে আবেদনকারী বিদেশি নাগরিকদের সাময়িকভাবে আমেরিকার মাটি ছাড়তে হবে। আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) সম্প্রতি এই অভিবাসন নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকরা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া চলাকালীন সাময়িক ভিসা নিয়ে আমেরিকায় অবস্থান করতে পারতেন। তবে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীদের নিজ দেশে ফিরে যেতে হবে এবং সেখান থেকে ইমিগ্র্যান্ট ভিসার জন্য নতুন করে আবেদন জানাতে হবে। ইউএসসিআইএস-এর মুখপাত্র জ্যাক কাহলার জানিয়েছেন, অভিবাসন ব্যবস্থাকে আইনি ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতেই এই পদক্ষেপ। নিয়ম অমান্য করলে আবেদনকারীদের বড় ধরনের আইনি জটিলতার মুখোমুখি হতে হবে বলে তিনি সতর্ক করেছেন।

ঝুঁকির মুখে আন্তর্জাতিক শিক্ষার্থী ও চাকরিজীবীরা

এই নীতি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন আমেরিকায় বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থী এবং এইচ-১বি (H-1B) ভিসায় কর্মরত পেশাজীবীরা। এদের একটি বড় অংশ পড়াশোনা বা চাকরির সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীনই গ্রিন কার্ডের মাধ্যমে স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করে থাকেন। নতুন নিয়মের জেরে এখন তাদের আবেদন প্রক্রিয়া চলাকালীন কর্মক্ষেত্র বা পড়াশোনা ছেড়ে নিজ দেশে ফিরে আসতে হবে, যা তাদের পেশাগত ও শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি করবে। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন ব্যবস্থার পিছনের দরজা বন্ধ করতে এবং নিয়মবহির্ভূত সুবিধা নেওয়া রুখতেই প্রতিটি আবেদন এখন থেকে নিখুঁতভাবে খতিয়ে দেখা হবে।

ভারতীয়দের ওপর সম্ভাব্য প্রভাব

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোর পরেই ভারতীয় নাগরিকরা আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকেন। ২০০৪ অর্থবর্ষেই প্রায় ৪৯,৭০০ ভারতীয় নাগরিক গ্রিন কার্ডের মাধ্যমে আমেরিকার স্থায়ী বাসিন্দা হয়েছেন এবং বর্তমানেও বহু ভারতীয় এই লাইনে রয়েছেন। আকস্মিক এই নিয়ম পরিবর্তনের ফলে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা হাজার হাজার ভারতীয় কর্মজীবী ও শিক্ষার্থীর ভবিষ্যৎ ও কর্মসংস্থান এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *