মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার লালবাজারে শুভেন্দু অধিকারী, পুলিশ কমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে তিনি পুলিশের বিভিন্ন ডিভিশনাল অফিসে গেলেও, লালবাজারের এই সফরকে কেন্দ্র করে ইতিমিধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
কমিশনারের ঘরে বৈঠক
লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার সদর দফতরে পৌঁছে মুখ্যমন্ত্রী সরাসরি কলকাতা পুলিশ কমিশনারের (CP) ঘরে যান। সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত ও রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। যদিও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি অন্য কোনো প্রশাসনিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর লালবাজারে তাঁর এই প্রথম সফরটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
লালবাজারের ভেতরে ‘জয় শ্রী রাম’ স্লোগান
মুখ্যমন্ত্রীর লালবাজার আগমনকে কেন্দ্র করে এদিন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। তবে সবথেকে বেশি নজর কেড়েছে মুখ্যমন্ত্রী যখন বৈঠক শেষ করে লালবাজারের ভবন থেকে বেরোচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তের দৃশ্য। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে লালবাজার চত্বরের ভেতরেই আচমকা ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠতে শুরু করে, যা নিয়ে সমাজমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
এক ঝলকে
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এলেন শুভেন্দু অধিকারী।
- লালবাজারে এসে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারের ঘরে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
- বৈঠকের মূল আলোচ্য বিষয় নিয়ে প্রশাসনের তরফে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি।
- বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যখন লালবাজার থেকে বেরোচ্ছিলেন, তখন চত্বরের ভেতরেই ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে।