আন্তর্জাতিক সীমান্তে ১৫ কিমি দূরত্বের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হবে সব অবৈধ নির্মাণ, কড়া নির্দেশ অমিত শাহের

দেশের সীমান্ত সুরক্ষা আরও নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। এবার আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই ‘জিরো-টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগের বার্তা দিয়েছেন তিনি। মূলত অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং বেআইনি দখলদারির মতো আন্তঃসীমান্ত অপরাধ পুরোপুরি নির্মূল করতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে।
চার রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি রাজস্থান সফর করেন। সেখানে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং সীমান্তবর্তী পাঁচ জেলার উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বুলডোজ়ার নীতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুন পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী সীমান্ত সফর নির্ধারিত রয়েছে, যার আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো ও যৌথ নজরদারি
সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিটোল করতে একটি সমন্বিত ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের দায়িত্ব আরও বাড়িয়ে স্পষ্ট জানানো হয়েছে যে, শুধু নির্মাণ ভাঙাই নয়, অপরাধের মূল উৎস উপড়ে ফেলতে হবে।
আর্থিক অপরাধ ও ভুয়ো নথিতে কঠোর নজর
সীমান্তের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক অপরাধ ও জালিয়াতি রুখতেও প্রশাসনকে সতর্ক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকার বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক লেনদেন এবং অর্থের উৎস কঠোরভাবে খতিয়ে দেখতে হবে। যেকোনো ধরণের সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শেল কো ম্পা নি এবং ভুয়ো সরকারি পরিচয়পত্র শনাক্ত করে পাচারকারীদের নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।turn