অন্নপূর্ণা যোজনার ফর্ম কোথায় পাবেন ও জমা দেবেন? নির্দেশিকা প্রকাশ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের নতুন ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন প্রক্রিয়া ও ফর্ম জমা নেওয়া নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপভোক্তারা কীভাবে, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন এবং কোথায় তা জমা দেবেন, সেই বিষয়ে প্রশাসনিক নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
কোথায় পাওয়া যাবে ফর্ম?
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের অফলাইনে ফর্ম সংগ্রহের একাধিক বিকল্প দেওয়া হয়েছে। ফর্ম পাওয়া যাবে নিম্নলিখিত স্থানগুলি থেকে:
- স্থানীয় বিডিও (BDO) অফিস
- জেলাশাসকের দফতর বা ডিএম (DM) অফিস
- পুরসভা (Municipality) অফিস
- সংশ্লিষ্ট পুরসভার ওয়ার্ড অফিস
একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে মন্ত্রী জানিয়েছেন, পুরসভার কর্মীরাও সরাসরি বাড়ি বাড়ি গিয়ে যোগ্য আবেদনকারীদের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার কাজ করবেন।
কোথায় জমা দেবেন ফর্ম?
সংগৃহীত ফর্মটি সঠিকভাবে পূরণ (ফর্ম ফিলাপ) করার পর আবেদনকারীরা তাঁদের নিজেদের এলাকার সবচেয়ে কাছাকাছি থাকা নির্দিষ্ট সরকারি অফিসে (যেমন বিডিও অফিস, পুরসভা বা নির্ধারিত ড্রপ বক্স) গিয়ে জমা দিতে পারবেন।
যাচাই প্রক্রিয়ায় জোর, ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে ডেটাবেস
ফর্ম পূরণের পর তা স্ক্রুটিনি বা যাচাই করার বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকারের রণকৌশল স্পষ্ট করেছেন। তিনি জানান, “আপাতত, আবেদনকারীদের আয়করের (Income Tax) বিষয়টাই আমরা প্রধান্য দিয়ে দেখছি। তবে এর পাশাপাশি বাকি ডেটা বা তথ্যগুলিও আমরা সংগ্রহ করে রাখছি, যাতে ভবিষ্যতের বিভিন্ন সরকারি কাজের সুবিধার্থে একটি মজবুত ডেটাবেস তৈরি করে নেওয়া যায়।” ফলে ফর্ম জমা দেওয়ার পর সরকারি স্তরে নথির সত্যতা যাচাই করেই উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।