লাইমলাইটের আড়ালে কেন স্বস্তিকা, টলিউডের সমীকরণ নিয়ে বিস্ফোরক ‘বিদ্যা’

লাইমলাইটের আড়ালে কেন স্বস্তিকা, টলিউডের সমীকরণ নিয়ে বিস্ফোরক ‘বিদ্যা’

টেলিভিশন এবং সিনেমা— দুই মাধ্যমেই অত্যন্ত সাবলীল অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার নিরিখে ছোটপর্দায় তাঁর দাপটই সবচেয়ে বেশি। এই মুহূর্তে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু তুমুল জনপ্রিয়তার মাঝেই বিনোদন দুনিয়ার বিভিন্ন পার্টি বা সিনেমার প্রিমিয়ারে ইদানীং দেখা মিলছে না তাঁর। এই অনুপস্থিতি এবং স্টুডিও পাড়ার অন্দরের সমীকরণ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী।

ব্যস্ত শিডিউল ও সম্পর্কের গুঞ্জন

ইদানীং কোনো ছবির প্রিমিয়ারে বা জমকালো অনুষ্ঠানে কেন দেখা যাচ্ছে না, তার জবাবে কাজের প্রতি নিজের দায়বদ্ধতার কথাই স্পষ্ট করেছেন স্বস্তিকা। মেগা সিরিয়ালের মহাপর্বের শুটিংয়ের চাপে তীব্র ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। শুটিং শেষ করে আর অন্য কোথাও যাওয়ার শক্তি বা ইচ্ছে থাকে না বলেই জানান অভিনেত্রী। অন্যদিকে, পর্দার সহ-অভিনেতা অর্ণবের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নিয়ে স্টুডিও পাড়ায় চর্চা কম নয়। তবে স্বস্তিকা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি এক অন্যরকম মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনকে নতুন করে গুছিয়ে নিতে বই পড়া বা মিউজিক থেরাপির সাহায্য নিচ্ছেন। তড়িঘড়ি কোনো সম্পর্কে জড়িয়ে অন্য কারোর ক্ষতি করতে চান না বলেই আপাতত সিঙ্গল থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রির সমালোচনা ও স্বস্তিকার কড়া জবাব

কয়েক বছর পর ছোটপর্দায় এই সফল কামব্যাকের পেছনে প্রযোজক ও লেখক স্নেহাশিস চক্রবর্তীর বড় ভূমিকা রয়েছে। তবে এই সাফল্য নিয়ে টলিউডের একাংশে কানাঘুষো ও সমালোচনা তৈরি হয়েছে। ব্লুজ প্রোডাকশনে কাজ পাওয়ার জন্য স্বস্তিকাকে ‘বাটারিং’ বা তেল দিতে হয়— এমন গুঞ্জনও তাঁর কানে এসেছে। এই ধরনের কটাক্ষের জবাবে অত্যন্ত চতুর ও কড়া ভাষায় স্বস্তিকা বলেন, মাখন লাগানোর জন্য হাতে ছুরি ব্যবহার করতে হয়, তিনি কাউকে সেইটুকু আসাম্মানও করতে পারবেন না। কাজের প্রতি সততা ও যোগ্যতার জোরেই তিনি টিকে আছেন, কোনো তেলবাজির সমীকরণে নয়, তা তাঁর এই মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *