বাংলাদেশি দলের দায়িত্ব ছাড়লেন শন টেট, বাংলার বোলিং কোচ হওয়া নিয়ে তুঙ্গে জল্পনা

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও মেয়াদ শেষের অনেক আগেই বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার শন টেট। গত বছর পদ্মাপারের দলের দায়িত্ব নেওয়া এই ক্রিকেটারের হঠাৎ পদত্যাগের পরেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। সিএবি-র বোলিং কোচ হিসেবে তাঁর কলকাতায় আসার সম্ভাবনা নিয়ে এখন জোর জল্পনা ক্রিকেট মহলে।
আসন্ন মরশুমের জন্য সম্প্রতি বাংলা দলের প্রধান কোচ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সেই পদের জন্য আবেদন জানানোর পাশাপাশি সাক্ষাৎকারও দিয়েছিলেন টেট। পরবর্তীতে সিএবি জানিয়ে দেয়, সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লাই থাকছেন এবং ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সুরেন্দ্র ভাবে। তবে বোলিং কোচের নাম এখনও ঘোষণা না করায় টেটের বাংলায় আসার সম্ভাবনা প্রবল হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় এখন তাঁর কলকাতায় আসার পথে আর কোনও আইনি বা চুক্তিগত বাধা রইল না। আন্তর্জাতিক মানের একজন প্রাক্তন গতি তারকাকে মেন্টর বা বোলিং কোচ হিসেবে পেলে বাংলার পেস আক্রমণ লাভবান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বেঙ্গল টি-টোয়েন্টি লিগে শামিকে নিয়ে ধোঁয়াশা
একদিকে যখন কোচ বদলের হাওয়া, অন্যদিকে তখন শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের তৃতীয় সংস্করণ। তবে অতীতে জিৎ বা সুনীধি চৌহানের মতো তারকাদের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হলেও, এবার তা হচ্ছে অত্যন্ত সাদামাটা ভাবে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স এবং নোভাস রয়্যালস পুরুলিয়া।
এই টুর্নামেন্টকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় তারকা পেসার মহম্মদ শামির খেলা নিয়ে। শামি এই লিগে মাঠে নামবেন কি না, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকি সিএবি সচিব বাবলু কোলেও এই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি। তাঁর মতে, শামির খেলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তাঁর ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের ওপর। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন যেখানে তাদের স্থানীয় লিগে শিবম দুবে, সূর্যকুমার যাদব বা শ্রেয়স আইয়ারের মতো তারকাদের খেলিয়ে টুর্নামেন্টের মান বাড়াচ্ছে, সেখানে ঘরের মাঠে শামিকে খেলানোর ব্যাপারে সিএবি-র এই উদাসীনতা ও অস্পষ্ট অবস্থান নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।