ম্যানগ্রোভ কেটে বেআইনি ক্যাফে! শওকত পুত্রের সম্পত্তিতে বুলডোজার চালানোর কড়া হুঁশিয়ারি প্রশাসনের

ম্যানগ্রোভ কেটে বেআইনি ক্যাফে! শওকত পুত্রের সম্পত্তিতে বুলডোজার চালানোর কড়া হুঁশিয়ারি প্রশাসনের

মাতলা নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গল কেটে বেআইনিভাবে বিলাসবহুল ক্যাফে তৈরির অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে আইনি নোটিস পাঠাল ক্যানিং মহকুমা প্রশাসন। উপযুক্ত দলিল দেখাতে না পারলে ওই ক্যাফে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ক্যাফের গায়ে নোটিস ঝোলাল পুলিশ

শুক্রবার দুপুরে জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যানিং-১ ও ক্যানিং-২ ব্লক সংযোগকারী মৌখালি সেতু সংলগ্ন এলাকায় ওই ক্যাফের গায়ে নোটিস ঝুলিয়ে দিয়ে আসেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রণব মালিয়ে। প্রশাসন সূত্রে খবর, আগামী ১৮ জুন ক্যানিংয়ের এসডিও অফিসে এই বিষয়ে একটি শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন ইমরান মোল্লাকে হাজির থেকে জমির সমস্ত বৈধ কাগজপত্র ও উপযুক্ত দলিল পেশ করতে হবে।

দলিল না মিললে চলবে বুলডোজ়ার

প্রসঙ্গত, একটি বিস্ফোরণ মামলায় ইতিমধ্যেই এনআইএ-র জালে ধরা পড়েছেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি এবং নদীর চরে ছেলের তৈরি এই চোখধাঁধানো ক্যাফে নিয়ে বিস্তর বিতর্ক ও প্রশ্ন উঠতে শুরু করেছিল। শওকত নিজে ক্যাফের জায়গাটি কিনেছিলেন বলে দাবি করলেও বিতর্ক থামেনি। প্রশাসন এবার কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৮ তারিখের শুনানিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঠিক নথি বা বৈধ কাগজের প্রমাণ না মিললে কোনো রেয়াত করা হবে না, সরাসরি বুলডোজ়ার চালিয়ে ওই বিতর্কিত ক্যাফে গুঁড়িয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *