ফের বড় ধাক্কা আসছে জ্বালানির দামে!

আবারও অস্থির হতে চলেছে পেট্রোল ও ডিজ়েলের বাজার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি এবং পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক সংকটের জেরে দেশের বাজারে জ্বালানির দাম ফের বাড়ানোর পরিকল্পনা করছে সরকারি তেল বিপণন সংস্থাগুলো। সব মিলিয়ে পেট্রোল ও ডিজ়েলের দাম লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলছে বিপুল পরিমাণ আর্থিক লোকসান
গত ১৫ মে পেট্রোল ও ডিজ়েলের খুচরো মূল্য লিটার প্রতি প্রায় ৭.৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সেই মূল্যবৃদ্ধির পরেও ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলোর লোকসান কোনোভাবেই কমছে না। বর্তমানে পেট্রোলের ক্ষেত্রে প্রতি লিটারে ৫.৫ টাকা এবং ডিজ়েলের ক্ষেত্রে ৪.৫ টাকা করে ক্ষতি গুনছে সংস্থাগুলো। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ৬১০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই তেল কো ম্পা নিগুলো। এই ক্ষতি সামাল দিতেই মূলত নতুন করে দাম বাড়ানোর পথে হাঁটতে হচ্ছে তাদের।
সাধারণ মানুষের ওপর পড়তে চলেছে প্রভাব
কেবল পেট্রোল বা ডিজ়েল নয়, অন্যান্য জ্বালানির ক্ষেত্রেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। রেটিং সংস্থা আইসিআরএ-এর তথ্য অনুযায়ী, এলপিজি সিলিন্ডার পিছু এখন প্রায় ৬৮০ টাকা লোকসান হচ্ছে। একইভাবে বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের ক্ষেত্রে প্রতিদিন ৯৩ কোটি টাকা লোকসান গুনছে সংস্থাগুলো। ক্রিসিল রেটিংসের বিশ্লেষণ বলছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উচ্চপর্যায়ে থাকলে এবং সংস্থাগুলো তাদের লোকসান কমাতে চাইলে আগামী দিনে পেট্রোল ও ডিজ়েলের দাম লিটার প্রতি ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। জ্বালানির এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের যাতায়াত খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দামের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।