রান্নার তেল কেনায় আর ঠকবেন না, প্যাকেটের মাপে কড়া নিয়ম কেন্দ্রের!
রান্নার তেল কিনতে গিয়ে ওজনে বা দামে সাধারণ মানুষের হয়রানি রুখতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে বাজারে ইচ্ছেমতো মাপে ভোজ্য তেল বিক্রি করা যাবে না। দেশি ও বিদেশি সমস্ত তেল প্রস্তুতকারক সংস্থাকে নির্দিষ্ট কয়েকটি স্ট্যান্ডার্ড বা ফিক্সড মাপের প্যাকেটেই তেল বিক্রি করতে হবে। অদ্ভুত মাপের প্যাকেট ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করার কৌশল বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ এখন থেকে খুব সহজেই বিভিন্ন ব্র্যান্ডের তেলের দাম তুলনা করতে পারবেন।
বন্ধ হচ্ছে ওজনের কারচুপি, চালু ৯টি নির্দিষ্ট মাপ
এতদিন বাজারে ৯১০ মিলি বা ৮৫০ মিলির মতো নানা মাপে তেল বিক্রি হত, ফলে ১ লিটার তেলের সঙ্গে দামের তুলনা করতে গিয়ে ক্রেতারা বিভ্রান্ত হতেন এবং বেশি টাকা দিয়ে কম তেল কিনে ঠকতেন। এই সমস্যার সমাধানে ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এখন থেকে রান্নার তেল ২০০ মিলিলিটার থেকে ২০ লিটার পর্যন্ত মোট ৯টি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মাপে বিক্রি করতে হবে। এর পাশাপাশি, প্যাকেটের গায়ে তেলের পরিমাণ লিটার বা মিলিলিটারের সঙ্গে সমপরিমাণ গ্রাম বা কিলোগ্রামের হিসাবও স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সব তেলে নিয়ম কার্যকর, প্রস্তুতির সময় ৩ মাস
সর্ষে, সোয়াবিন, সূর্যমুখী, পাম ও বাদাম তেলের মতো দৈনন্দিন ব্যবহৃত সমস্ত দেশি ও আমদানিকৃত তেলের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ২০০ মিলিলিটারের কম ওজনের ছোট পাউচগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। নতুন নির্দেশিকা কার্যকর করার জন্য তেল কো ম্পা নিগুলোকে তিন মাস সময় দেওয়া হয়েছে। দেশের ভোজ্য তেল শিল্পের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে বাজারে রান্নার তেলের দামে স্বচ্ছতা আসবে এবং ক্রেতাদের বিভ্রান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।