সব মিথ্যা! গর্জে উঠলেন মিমি

বেশ কিছু দিন ধরেই ‘তনয় শাস্ত্রী’-কাণ্ডে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে জড়িয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই সব প্রতিবেদনকে সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর’ বলে উড়িয়ে দিয়ে কড়া আইনি বিবৃতি জারি করলেন অভিনেত্রী।
ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
মিমি চক্রবর্তীর লিগ্যাল টিমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের নামে যে খবর রটানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বনগাঁ আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠন বা ১০ দিনের মধ্যে সশরীরে হাজিরার নির্দেশের দাবিটি সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরণের বিভ্রান্তিকর খবর অভিনেত্রীর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। আর সেই কারণেই তড়িঘড়ি কড়া আইনি নোটিশ জারি করে ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ অভিনেত্রী
‘তনয় শাস্ত্রী’ মামলাটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই নেটপাড়া উত্তাল ছিল। যাচাই না করেই একাধিক প্রথম সারির সংবাদমাধ্যম এই খবর পরিবেশন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। অভিনেত্রীর স্পষ্ট বার্তা, সংবাদমাধ্যমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কালিমালিপ্ত করার এই প্রচেষ্টাকে তিনি কোনোভাবেই রেয়াত করবেন না এবং পুরো বিষয়টি আইনি পথেই মোকাবিলা করা হবে।