এসি ঘরে ধূমপান, ডেকে আনছে ভয়াবহ বিপদ!

এসি ঘরে ধূমপান, ডেকে আনছে ভয়াবহ বিপদ!

শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি ঘরে বসে ধূমপানের সাময়িক স্বস্তি ডেকে আনতে পারে বড়সড় বিপর্যয়। বাইরে যাওয়ার আলস্যে বদ্ধ ঘরে সিগারেট খাওয়ার অভ্যাস কেবল মানুষের শরীরকেই ধ্বংস করছে না, পাশাপাশি মারাত্মক ক্ষতি করছে এসি যন্ত্রটিরও। এই অভ্যাসের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

যন্ত্রাংশের ক্ষতি ও থার্ড-হ্যান্ড স্মোকিং

বদ্ধ ঘরে এসি চললে একই বাতাস বারবার রিসাইকেল হতে থাকে। সিগারেটের ধোঁয়ায় থাকা নিকোটিন সরাসরি এসির ফিল্টার ও এভাপোরেটর কয়েলে আটকে গিয়ে একটি চটচটে আস্তরণ তৈরি করে। এতে বাইরের ধুলোবালি অতি সহজে আটকে ফিল্টার জ্যাম হয়ে যায় এবং এসির ঠান্ডা করার ক্ষমতা হ্রাস পায়। ফলে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা এসির আয়ু কমানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিলও বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে, এসির ব্লোয়ারের মাধ্যমে এই নিকোটিনযুক্ত বাতাস পুনরায় ঘরে ফিরে এসে সোফা, পর্দা ও দেওয়ালে স্থায়ীভাবে জমা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘থার্ড-হ্যান্ড স্মোকিং’ বলা হয়, যা শিশু ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এবং এর ফলে ঘরে এক ধরনের স্থায়ী ভ্যাপসা দুর্গন্ধ সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মারাত্মক ঝুঁকি

এসি ঘরে ধূমপানের সবচেয়ে বড় বিপদের কারণ হলো আকস্মিক বিস্ফোরণ। বর্তমানের আধুনিক এসিগুলোতে অত্যন্ত দাহ্য গ্যাস ব্যবহার করা হয়। কোনো কারণে ইনডোর ইউনিট বা পাইপ থেকে এই গ্যাস লিক হলে, সিগারেটের আগুন বা দেশলাইয়ের স্ফুলিঙ্গ থেকে মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড বা এসি ব্লাস্টের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়াও ফিল্টার জ্যাম হয়ে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়াও এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। বড় ধরনের আর্থিক ক্ষতি ও প্রাণসংশয় এড়াতে ঘরে ধূমপানের এই ক্ষতিকর অভ্যাস পরিহার করা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *