৩০ জুন থেকে কি বন্ধ কাগজের নোট? প্লাস্টিকের নোট নিয়ে ছড়ানো জল্পনায় জল ঢালল পিআইবি

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি খবর দাবানলের মতো ছড়িয়েছিল—৩০ জুন থেকে নাকি ভারতে কাগজের নোট উঠে গিয়ে প্লাস্টিকের নোট আসছে। এই জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙল পিআইবি (PIB)।
ঠিক কী রটেছিল?
খবর রটেছিল যে, ধীরে ধীরে বর্তমান কাগজের নোটগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে এবং তার পরিবর্তে বাজারে ছাড়া হবে নয়া প্লাস্টিকের নোট। এই খবরটি সাধারণ মানুষের মধ্যে প্রবল চাঞ্চল্য সৃষ্টি করেছিল। নোট বদল নিয়ে তৈরি হয়েছিল এক অস্পষ্ট আতঙ্ক।
কী জানাল পিআইবি?
মঙ্গলবার রাতে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমন কোনো সিদ্ধান্তই নেয়নি। অর্থাৎ, বাজারে বর্তমান কাগজের নোটই বহাল থাকছে।
পিআইবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে শুধুমাত্র আরবিআই বা সরকারি পোর্টালের তথ্যের ওপরই ভরসা রাখা উচিত।