মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপ বিশ্বাসের, এখনই গ্রেপ্তারির প্রয়োজন নেই জানাল হাই কোর্ট

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপ বিশ্বাসের, এখনই গ্রেপ্তারির প্রয়োজন নেই জানাল হাই কোর্ট

গত ডিসেম্বর মাসে ঘটে যাওয়া মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্ষেত্রে আপাতত গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে একইসঙ্গে তদন্ত প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে প্রাক্তন মন্ত্রীকে বেশ কিছু শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেওয়া হয়েছে।

বিচারপতির তীব্র ভর্ৎসনা

শুনানি চলাকালীন পুরো ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, মেসিকে জড়িয়ে ধরে যেভাবে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে ছিলেন, তা অনভিপ্রেত। বিচারপতির কথায়, “মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গিয়েছেন, কোথাও তো এমন হয়নি।” পাশাপাশি, গত বছরের ১৩ ডিসেম্বরের ঘটনায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর অর্থাৎ চলতি বছরের ৩০ মে এফআইআর দায়ের করা নিয়েও প্রশ্ন তোলে আদালত। যেহেতু মামলাটির সর্বোচ্চ সাজা সাত বছর, তাই এতদিন পর সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা কম বলে মনে করে আদালত তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারি থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

শর্তসাপেক্ষ রক্ষাকবচ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ

গ্রেপ্তারির নির্দেশ না থাকলেও অরূপ বিশ্বাসের ওপর বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে হাই কোর্ট। তাঁকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না। পাশাপাশি, পুলিশের নির্ধারিত দিনে হাজিরা দিয়ে তদন্তে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *