‘টাটাকে রাজ্যে ফেরাবোই’, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শিল্পমন্ত্রী তাপস রায়ের

‘টাটাকে রাজ্যে ফেরাবোই’, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শিল্পমন্ত্রী তাপস রায়ের

শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব নিয়েই রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড়সড় বার্তা দিলেন নতুন মন্ত্রী তাপস রায়। দায়িত্ব গ্রহণের পরেই তাঁর স্পষ্ট ঘোষণা, “টাটাকে রাজ্যে ফেরাবোই।” মন্ত্রীর এই আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিঙ্গুরবাসী।

নতুন দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে তাপস রায় জানান, তাঁর প্রধান লক্ষ্য বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গকে একটি শিল্পবান্ধব রাজ্য হিসেবে তুলে ধরা। যেসব শিল্পসংস্থা একসময় রাজ্য ছেড়ে চলে গিয়েছিল, তাদের ফিরিয়ে আনাই তাঁর মূল চ্যালেঞ্জ। এই প্রসঙ্গে তিনি টাটা গোষ্ঠীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

মন্ত্রী বলেন, “আজ রতন টাটা বেঁচে থাকলে আমি তাঁর কাছে ছুটে যেতাম, হাত জোর করে অনুরোধ করতাম বাংলায় ফের বিনিয়োগের জন্য। টাটা গোষ্ঠীর সদর দপ্তরে গিয়ে তাদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করব। কেবল টাটা নয়, সমস্ত বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে যা করণীয়, তার সবটাই করব।”

এর পাশাপাশি আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মন্ত্রী অভিযোগ করেন, তোলাবাজি ও অব্যবস্থার কারণেই একসময় বিনিয়োগকারীরা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাঁর কথায়, “আগের সরকার নিজেদের ও পরিবারের বৈভব বাড়াতেই ব্যস্ত ছিল, রাজ্যের শিল্পের দিকে কোনও নজরই দেয়নি।”

উল্লেখ্য, বাম আমলে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা গড়ার উদ্যোগকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কারখানা তুলে নিতে বাধ্য হয় টাটা গোষ্ঠী। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হলেও, সেই জমি এখনও পুরোপুরি চাষযোগ্য হয়ে ওঠেনি বলে অভিযোগ। এমতাবস্থায় সিঙ্গুরেই ফের টাটারা বিনিয়োগ করবে কি না, তা নিয়ে সরাসরি কিছু না জানালেও, তাপস রায়ের এই জোরালো ঘোষণা শিল্প মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *