সার্ভার ডাউন, ওটিপি গায়েব? অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে ফর্ম পূরণের সহজ ট্রিকস জেনে নিন

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ ঘিরে রাজ্যজুড়ে জোর তৎপরতা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে ঝড়ের গতিতে চলছে আবেদন প্রক্রিয়া। তবে এই ফর্ম পূরণ করতে গিয়ে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ মাঝেমধ্যেই নানা টেকনিক্যাল সমস্যার মুখে পড়ছেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও কাজ না হওয়ায় কেউ যেমন বিরক্ত হচ্ছেন, তেমনই আবার ফর্ম ঠিকঠাক জমা পড়ল কি না—তা নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। আপনিও কি এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন? চিন্তা নেই, রইল সহজে মুশকিল আসানের কিছু দুর্দান্ত উপায়।
আবেদনকারীদের একাংশের অভিযোগ, ফর্ম পূরণের সময় একেক জন একেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোথাও ওয়েবসাইট লোড হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে, তো কোথাও আবার মোবাইলে ওটিপি (OTP) আসছে না। অনেকেই আবার প্রয়োজনীয় নথিপত্র বা আইডেন্টিটি কার্ড যাচাইকরণের সময় আটকে যাচ্ছেন। ফাইল আপলোড না হওয়া কিংবা ফর্ম ফাইনাল সাবমিট করার পরেও স্ট্যাটাস চেক করতে গিয়ে বিপাকে পড়ছেন বহু মানুষ।
ঝামেলা এড়াতে একনজরে দেখে নিন সমাধানের সহজ পথ:
- ওয়েবসাইট খুলতে সমস্যা: সার্ভারে অতিরিক্ত চাপের কারণে এমনটা হচ্ছে। তাই একটু অপেক্ষা করে ফর্ম পূরণ করুন। সবচেয়ে ভালো হয় যদি সকালের দিকে কিংবা গভীর রাতে আবেদন করেন, তখন সার্ভার ফাঁকা থাকে। পাশাপাশি নিজের ইন্টারনেট কানেকশনও একবার চেক করে নিন।
- ওটিপি না আসা: নেটওয়ার্কের গোলমালের জন্য ওটিপি আসতে দেরি হতে পারে। ফর্ম জমার সময় মোবাইল নম্বরটি ঠিকঠাক লিখেছেন কি না তা আগে মিলিয়ে নিন। প্রয়োজনে ‘রিসেন্ড ওটিপি’ (Resend OTP) অপশনটি ব্যবহার করুন।
- নথি যাচাইয়ে ভুল: আপনার আইডেন্টিটি কার্ডের তথ্যের সাথে ফর্মের তথ্যের যেন হুবহু মিল থাকে। সামান্য বানান ভুল বা তথ্যের অমিল থাকলে পুরো পরিশ্রমই জলে যেতে পারে। তাই জমা দেওয়ার আগে ভালো করে খতিয়ে দেখে নিন।
- ডকুমেন্ট আপলোড ট্রিকস: ফাইল আপলোডের সমস্যা এড়াতে ফাইলের সাইজের দিকে বিশেষ নজর দিন। ছবি বা পিডিএফ-এর সাইজ যেন বেশি বড় না হয়। সবসময় JPG, JPEG অথবা PDF ফরম্যাট ব্যবহার করে ফাইল আপলোড করুন।
- সাবমিট বাটন কাজ না করলে: ফর্মের সবকটি ঘর ঠিকঠাক পূরণ করা হয়েছে কি না তা আগে ভালো করে রি-চেক করুন। কোনো একটি বাধ্যতামূলক ঘর ফাঁকা থাকলে সাবমিট বাটন কাজ করবে না।
- স্ট্যাটাস চেক করার উপায়: আবেদন সফলভাবে জমা পড়ার পরেও অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে না। এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার্ভারের সমস্যার কারণে এমনটা হতে পারে। কিছুক্ষণ পর বা পরের দিন চেষ্টা করলে অনায়াসেই স্ট্যাটাস চেক করা যাবে।