বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে জামিন মোফাক্কেরুল ইসলামের! জেল থেকে মুক্তির কাউন্টডাউন শুরু

মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনায় বড়সড় স্বস্তি পেলেন মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ (NIA) আদালত মোফাক্কেরুল সহ আরও এক অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে। এর ফলেই তাঁদের সংশোধনাগার থেকে মুক্তির পথ পরিষ্কার হয়ে গেল।
৪ মামলার সবকটিতেই জামিন
আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট চারটি মামলা রুজু করা হয়েছিল। অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, এই চারটির মধ্যে তিনটি মামলায় আগেই তাঁদের জামিন মঞ্জুর হয়েছিল। বৃহস্পতিবার বাকি থাকা শেষ মামলাটিতেও বিশেষ এনআইএ আদালত তাঁদের জামিনের আবেদন গ্রহণ করে।
সবকটি মামলায় জামিন পেয়ে যাওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই তাঁরা সংশোধনাগার থেকে বাইরে আসতে চলেছেন বলে আইনজীবীদের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর মোথাবাড়ি কাণ্ডের আইনি লড়াইয়ে এক নতুন মোড় এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।