‘এল নিনো’ ও সাইবার অপরাধ রুখতে রাজ্যগুলিকে বড় বার্তা মোদীর

‘এল নিনো’ ও সাইবার অপরাধ রুখতে রাজ্যগুলিকে বড় বার্তা মোদীর

নয়াদিল্লি: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেই ভারতের উন্নয়নের গতি ধরে রাখতে একজোট হয়ে কাজ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের মেগা বৈঠকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সামনে একাধিক গুরুত্বপূর্ণ রূপরেখা তুলে ধরেন তিনি। ২০২৬ সালের বর্ষায় সুদূর প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ‘এল নিনো’র প্রভাবে দেশে খরার আশঙ্কা ও জলসংকট দেখা দিতে পারে— এমন উদ্বেগের মাঝেই রাজ্যগুলিকে জল সংরক্ষণে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নীতি আয়োগের বৈঠকে মোদী স্পষ্ট জানান, কৃত্রিম মেধা বা এআই (AI)-কে ভয় না পেয়ে একে সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। তবে প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি সাইবার জালিয়াতি এবং মাদকাসক্তির মতো নতুন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্যগুলিকে কঠোর আইনি ও প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

‘বিকশিত ভারত’ গড়তে রাজ্যগুলির কাছে প্রধানমন্ত্রীর মূল বার্তা:

  • এল নিনোর সতর্কতা ও জল সংরক্ষণ: এক দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক বর্ষার পূর্বাভাসের মাঝেই মোদী বলেন, এল নিনোর সম্ভাব্য প্রভাব সামলাতে সব রাজ্যকে আগাম প্রস্তুতি নিতে হবে। জল অপচয় রুখে জল সংরক্ষণে বিশেষ জোর দিতে হবে।
  • ভবিষ্যতের অর্থনীতি ও যুবশক্তি: ভারতের ৭০ কোটি যুবক-যুবতীই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের আধুনিক প্রযুক্তির উপযুক্ত করে গড়ে তুলতে এআই, ডেটা সেন্টার ও প্রতিরক্ষা উৎপাদনের মতো ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।
  • বিনিয়োগ ও বাণিজ্য: বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা নিয়ে রাজ্যগুলিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করতে হবে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি জানান, এদিনের বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও রফতানি বাড়ানোর মতো কৌশলগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভারতের উন্নয়ন যেন শুধু কেন্দ্রের লক্ষ্য না হয়ে প্রতিটি রাজ্য, জেলা ও গ্রামের সম্মিলিত সংকল্পে পরিণত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *