মধ্যবিত্তের জন্য সুখবর! সোনা ও রুপোর আমদানি মূল্যে বড় ছাড় কেন্দ্রের, কমতে পারে গয়নার দাম

কলকাতা: বিয়ে বা উৎসবের মরসুমের আগে সোনা ও রুপোর ক্রেতাদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনা এবং রুপো উভয়েরই আমদানির ভিত্তি মূল্য বা ‘বেস প্রাইস’ (Base Price) এক ধাক্কায় অনেকটাই কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে সোনা ও রুপোর আমদানি খরচ কমবে, যার সরাসরি সুবিধা পেতে পারেন সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ গ্রাম সোনার বেস প্রাইস ৮০ ডলার কমিয়ে ১,৩৪৩ ডলার করা হয়েছে। অন্যদিকে, প্রতি কেজি রুপোর বেস প্রাইস ২৭৬ ডলার কমিয়ে করা হয়েছে ২,০৯২ ডলার।
কী এই ‘বেস প্রাইস’ এবং কেন এটি জরুরি?
সহজ ভাষায়, বিদেশ থেকে যখন কোনও ব্যবসায়ী সোনা বা রুপো আমদানি করে ভারতে নিয়ে আসেন, তখন সরকার একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেয়, যার ওপর ভিত্তি করে আমদানি শুল্ক বা ট্যাক্স নেওয়া হয়। একেই বলা হয় বেস প্রাইস বা ট্যারিফ ভ্যালু। এই বেস প্রাইস না থাকলে ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার জন্য নিজেদের ইচ্ছেমতো দাম দেখাতে পারতেন এবং বাজারে কালোবাজারি বেড়ে যেত।
এর ফলে কি সোনার দাম কমবে?
বিশেষজ্ঞদের মতে, বেস প্রাইস কমার ফলে আমদানির খরচ কমবে। আন্তর্জাতিক বাজার যদি স্থিতিশীল থাকে, তবে পাইকারি ও খুচরো বাজারে গয়নার দাম কমতে পারে। বিশেষ করে উৎসবের মরসুমে সাধারণ গ্রাহকরা কিছুটা সস্তায় সোনা-রুপো কেনার সুযোগ পেতে পারেন। তবে মনে রাখা দরকার, সোনার চূড়ান্ত দাম শুধু বেস প্রাইসের ওপর নির্ভর করে না; এটি আন্তর্জাতিক পরিস্থিতি, কর এবং পণ্য বাজারের ওপর ভিত্তি করেই ওঠানামা করে।
আজকের বাজারে সোনা-রুপোর দরদাম:
কেন্দ্রের এই সিদ্ধান্তের মাঝেই আজ শুক্রবার এমসিএক্স (MCX) বা পণ্য বাজারে সোনা ও রুপো উভয়ের দামই ঊর্ধ্বমুখী। তবে কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম ২৭০ টাকা কমে হয়েছে ১৩,৬২০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামও ২৯৪ টাকা কমে দাঁড়িয়েছে ১৮,৮৫৮ টাকায়। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজি ২ লক্ষ ৬০ হাজার টাকায় ঠেকেছে।