‘যদি কিছু ঘটে, আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না!’ আসানসোল-পার্ক সার্কাসের অশান্তি নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে এবার কড়া ভাষায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন সরকারের আমলে কোনও রকম আইন অমান্য বা অশান্তি বরদাস্ত করা হবে না।
আজ এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে বেলডাঙা, মোথাবাড়ি বা সামসেরগঞ্জের মতো ঘটনা যা ঘটেছিল, তা বিগত সরকারের আমলে হয়েছিল। নতুন সরকার আসার পর যারা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল, তারা হাঁড়ির ভাত টেপার মতো করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল।” আসানসোলে পুলিশ ফাঁড়িতে আগুন লাগানো এবং পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ওরা আসানসোল আর পার্ক সার্কাসের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল। পুরোটা এখন ওরা বুঝে গিয়েছে। কিন্তু এরপর আর রাজ্যে কিছু ঘটছে না, ঘটবেও না।”
বিরোধী ও উপদ্রবকারীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “যদি এরপরেও রাজ্যে কিছু ঘটে, তবে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না।” নতুন সরকারের আমলে আইন নিজের হাতে তুলে নিলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তা একপ্রকার পরিষ্কার।