পরীক্ষার্থীদের পোয়াবারো! Re-NEET-এ বাড়ল সময়, প্রশ্নপত্রেও বড় চমক এনটিএ-র

পরীক্ষার্থীদের পোয়াবারো! Re-NEET-এ বাড়ল সময়, প্রশ্নপত্রেও বড় চমক এনটিএ-র

নয়াদিল্লি: আগামী ২১ জুনের ‘রি-নিট’ (Re-NEET UG 2026) পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর শোনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ছাত্রছাত্রীদের উদ্বেগ ও মানসিক চাপ কমাতে পরীক্ষার সময়সীমা আরও ১৫ মিনিট বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এর ফলে পরীক্ষার মোট সময় ১৮০ মিনিট থেকে বেড়ে হচ্ছে ১৯৫ মিনিট। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষা দুপুর ২টোয় শুরু হয়ে চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।

NTA জানিয়েছে, এই অতিরিক্ত ১৫ মিনিট মূলত হাজিরা খাতায় সই, পরীক্ষার নিয়মকানুন খতিয়ে দেখা এবং অন্যান্য কাগজপত্রের আনুষ্ঠানিকতা সারার জন্য দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, এই সব সরকারি প্রক্রিয়ার চক্করে পরীক্ষার্থীদের মূল লেখার সময় যেন নষ্ট না হয়।

প্রশ্নপত্র বুকলেটেও বড় বদল:

শুধু সময় বাড়ানোই নয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র বুকলেটেও আনা হয়েছে বড় পরিবর্তন। এবার থেকে রাফ ওয়ার্ক বা খসড়া করার জন্য আগের চেয়ে অনেক বেশি জায়গা মিলবে। পরীক্ষার্থীরা মোট ৪টি রাফ পেজ পাবেন, যার মধ্যে ২টি থাকবে বুকলেটের শুরুতে এবং বাকি ২টি থাকবে একদম শেষে। অঙ্ক বা জটিল ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে পরীক্ষার্থীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস ও একাধিক অনিয়মের জেরে এ বছরের মূল নিট-ইউজি পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র। সেই ধাক্কা সামলে আগামী ২১ জুন কঠোর নিরাপত্তার মধ্যে পুনরায় এই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো—সবকিছুতেই এবার নজিরবিহীন আঁটসাঁট ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও নির্দেশিকা ভালো করে পড়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে NTA।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *