ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোয় কোটি কোটি টাকার জালিয়াতি! গ্রেফতারি এড়াতে সস্ত্রীক হাইকোর্টে ইন্দ্রনীল

ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোয় কোটি কোটি টাকার জালিয়াতি! গ্রেফতারি এড়াতে সস্ত্রীক হাইকোর্টে ইন্দ্রনীল

কলকাতা: দুর্গাপুজোর নাম করে কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা ও প্রতারণার অভিযোগ! গ্রেফতারির আশঙ্কায় সস্ত্রীক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিখ্যাত সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। সস্ত্রীক আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের কড়া নাড়লেন তিনি। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ১৭ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বউবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির করা মারাত্মক অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়।

কী সেই মারাত্মক অভিযোগ?

অভিযোগকারীর দাবি, বাঙালির আবেগ দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির বড়সড় বাণিজ্যিক ফাঁদ পাতা হয়েছিল। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং জালিয়াতির জাল ছড়াতে ব্যবহার করা হয়েছিল খোদ ‘ইউনেস্কো’ (UNESCO)-র নাম। এমনভাবে গোটা বিষয়টির প্রচার করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ ভাবেন এর পেছনে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে।

অভিযোগকারীরা স্পষ্ট জানিয়েছেন, ইউনেস্কো কোনোদিনই এই ধরনের কোনো বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিতে সম্মতি দেয়নি। এর সপক্ষে ইউনেস্কোর পাঠানো ইমেল এবং সমস্ত আইনি নথিপত্রও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যটনের অজুহাত দেখিয়ে আসলে টিকিট বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক মুনাফা লোটার চেষ্টা হয়েছিল বলেই দাবি অভিযোগকারীদের। আর এই কেলেঙ্কারিতে নাম জড়াতেই এখন আইনি রক্ষাকবচ পেতে মরিয়া প্রাক্তন তৃণমূল মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *