সামশেরগঞ্জ-বেলডাঙার পুনরাবৃত্তি বরদাস্ত নয়! অশান্তি রুখতে মালদা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মালদা: “আর যেন সামশেরগঞ্জ, মোথাবাড়ি বা বেলডাঙার মতো ঘটনা না ঘটে।” রাজ্যে অশান্তি ও আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবার মালদার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের কোথাও কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
এদিনের হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে অন্যতম বড় পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজেই বিএসএফের (BSF) আউটপোস্টে পরিদর্শনে যাবেন।
পাশাপাশি, সরকারি সুযোগ-সুবিধা নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উঠে আসে, বেশ কিছু সামাজিক প্রকল্পের টাকা উপভোক্তাদের বদলে অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এই ধরনের গরমিল বা জালিয়াতি রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিতে স্থানীয় বিধায়কদের সক্রিয় ভূমিকা ও সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছেন তিনি।