ধর্মস্থল গণকবর কাণ্ডে এবার জড়াল প্রকাশ রাজের নাম, নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেতা

ধর্মস্থল গণকবর কাণ্ডে এবার জড়াল প্রকাশ রাজের নাম, নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেতা

কর্নাটকের ধর্মস্থল গণকবর কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্যের গভীরতা। এবার এই সংবেদনশীল এবং আলোড়ন সৃষ্টিকারী মামলার জল গড়াল দেশের বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে। মন্দিরের প্রাক্তন সাফাইকর্মী ও মামলার অন্যতম মূল অভিযুক্ত সিএন চিন্নায়া ওরফে চেন্না আইনি আবেদনে সরাসরি দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের নাম জড়িয়ে দেওয়ায় নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতি ও নেটদুনিয়ায়। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আগামী দু’দিনের মধ্যে সত্য সামনে আনার বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা।

অভিযোগের তির ও নতুন মোড়

২০২৫ সালের জুলাই মাসে কর্নাটকের ধর্মস্থল মন্দির চত্বর থেকে বিপুল পরিমাণ কঙ্কাল ও হাড়গোড় উদ্ধারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মন্দিরের প্রাক্তন সাফাইকর্মী চিন্নায়া হঠাৎ হাতে খুলি নিয়ে থানায় হাজির হয়ে দাবি করেন, সেখানে প্রায় ৭০ থেকে ৮০টি দেহ চাপা দিতে তিনি সাহায্য করেছিলেন। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠিত হয় এবং তদন্তের কাজ এখনও চলমান রয়েছে।

এরই মধ্যে গত ১১ জুন কর্নাটক হাইকোর্টে চিন্নায়ার দাখিল করা একটি রিট পিটিশনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। চিন্নায়ার অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তির কথামতো বয়ান দেওয়ার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাঁর দাবি, প্রকাশ রাজ নিজে তাঁর সঙ্গে তামিল ভাষায় কথা বলেছিলেন এবং আগামী ২৯ তারিখ এসে তাঁকে জড়িয়ে ধরার আশ্বাসও দিয়েছিলেন। এই পিটিশনটি প্রকাশ্যে আসতেই মামলার মোড় পুরোপুরি ঘুরে যায়।

পাল্টা চ্যালেঞ্জ ও সত্য প্রকাশের আশ্বাস

আইনি জটিলতায় নাম জড়ানোর পর আর নীরব থাকেননি অভিনেতা প্রকাশ রাজ। কন্নড় ভাষায় নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে তিনি আমজনতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও অলীক জল্পনা বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন। ধর্মস্থল কাণ্ডের সংবেদনশীলতা এবং এর সঙ্গে লক্ষ লক্ষ ভক্তের আবেগ জড়িয়ে থাকার বিষয়টি উল্লেখ করে অভিনেতা জানান, এই মুহূর্তে তিনি শহরের বাইরে আছেন।

তবে বিষয়টি নিয়ে জলঘোলা না করার আহ্বান জানিয়ে প্রকাশ রাজ স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দু’দিনের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সব ধোঁয়াশার অবসান ঘটাবেন। সত্য প্রকাশ করা তাঁর নাগরিক ও নৈতিক কর্তব্য উল্লেখ করে ভক্তদের তাঁর আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করার এবং ভরসা রাখার বার্তা দিয়েছেন তিনি। প্রকাশ রাজের এই পালটা চ্যালেঞ্জের পর ধর্মস্থল গণকবর কাণ্ডের জল আগামী দিনে কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *