‘দুয়ারে সরকার’ অতীত! আজ থেকেই রাজ্যে শুরু শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’, মিলবে ৫২টি প্রকল্পের সুবিধা
June 15, 202610:38 am

কলকাতা: তৃণমূল জমানার অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘দুয়ারে সরকার’-এর ধাঁচেই এবার রাজ্যে নতুন কর্মসূচি নিয়ে এল বর্তমান বিজেপি সরকার। নাম দেওয়া হয়েছে—‘জনকল্যাণ শিবির’। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনের লক্ষ্য, এই শিবিরের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। আজ, ১৫ জুন থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যাচ্ছে এই বিশেষ শিবির, যা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনকল্যাণ শিবিরগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ফর্ম জমা নেওয়া হবে এবং মোট ৫২টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
শিবিরে কী কী সুবিধা পাওয়া যাবে?
- আধার ও নাগরিকত্ব: প্রতিটি শিবিরে থাকবে বিশেষ আধার এনরোলমেন্ট কাউন্টার। এছাড়া আধার সিডিং এবং সিএএ (CAA) অ্যাপ্লিকেশনের সুবিধাও মিলবে এখানে।
- মহিলা ও শিশুকল্যাণ: ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য করা হচ্ছে সম্পূর্ণ আলাদা কাউন্টার। সেখানে নারী ও শিশুকল্যাণ দফতরের কর্মীরা সশরীরে উপস্থিত থেকে ফর্ম পূরণে সাহায্য করবেন।
- স্বাস্থ্য ও পেনশন: চিকিৎসা সহায়তার জন্য থাকবে ‘আয়ুষ্মান যোজনা’র কাউন্টার। পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকবে ‘অটল পেনশন যোজনা’র সুবিধা।
- কৃষক ও খাদ্য সুরক্ষা: কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ড ও এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার-এর সুবিধা থাকবে। এছাড়া পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং পিএম উজ্জ্বলা যোজনার সুবিধা মিলবে।
- শিক্ষা: পড়ুয়াদের বিভিন্ন সরকারি স্কলারশিপ পেতে এই শিবির থেকে সরাসরি সাহায্য করা হবে।
কোথায় কোথায় বসবে এই শিবির?
- কর্পোরেশন এলাকা: প্রতিটি বোরো অফিসের অধীনে একটি করে জনকল্যাণ শিবির করা হবে।
- পুরসভা এলাকা: প্রতি ১০টি ওয়ার্ডের জন্য একটি করে শিবির হবে। তবে কোনও পুরসভায় ২৫টি ওয়ার্ড থাকলে সেখানে ৩টি শিবির করা বাধ্যতামূলক।
- গ্রামীণ এলাকা: গ্রামীণ ক্ষেত্রে প্রতি ৭টি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি শিবির করা হচ্ছে। তবে কোনও ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েত থাকলে সেখানে ২টি শিবির করা হবে।
আজ থেকেই শুরু হওয়া এই মেগা শিবিরের সুবিধা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।