সই জাল কাণ্ডে তৃণমূলের আর্জি শুনলই না হাই কোর্ট, মামলা থেকে সরলেন খোদ বিচারপতি!

সই জাল কাণ্ডে তৃণমূলের আর্জি শুনলই না হাই কোর্ট, মামলা থেকে সরলেন খোদ বিচারপতি!

কলকাতা: সই জাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই জল গড়াল আদালত পর্যন্ত। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের তৃণমূল কার্যালয়ে সিআইডি তল্লাশির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল শাসকদল। কিন্তু সেই মামলা শুনলই না আদালত। মামলা থেকে সরে দাঁড়ালেন খোদ বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে এই মুহূর্তের বড় খবর, মামলাটি স্থানান্তরিত হয়ে চলে গেল প্রধান বিচারপতির কাছে।

তৃণমূল বিধায়কদের সই জাল করার ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে রীতিমতো ‘মুষলপর্ব’ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছেন সিআইডির তদন্তকারীরা। শুধু তাই নয়, রেজোলিউশনের আসল কপির খোঁজে কালীঘাটের দলীয় কার্যালয়েও হানা দেয় সিআইডি। কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তার বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।

কেন মামলা শুনলেন না বিচারপতি?

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এই একই সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অন্য বেঞ্চে মামলা দায়ের করেছেন। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে সেই মামলার শুনানিও হয়েছে এবং অভিষেক সাময়িক রক্ষাকবচও পেয়েছেন।

বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, একই ঘটনা নিয়ে দুটি আলাদা বেঞ্চে শুনানি হলে ভিন্ন নির্দেশ আসার সম্ভাবনা থাকে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হচ্ছে, তাই অন্য কোনও বেঞ্চ এই সই সংক্রান্ত নতুন মামলা শুনবে না। এই কারণেই তিনি মামলা থেকে অব্যাহতি নেন।

আপাতত পুরো বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়েছে। এরপর প্রধান বিচারপতিই ঠিক করবেন এই মামলার পরবর্তী শুনানি কোন বিচারপতির এজলাসে হবে। ফলে সিআইডি তল্লাশির বিরুদ্ধে তৃণমূলের আইনি লড়াই আপাতত ঝুলেই রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *