অবশেষে কাটল জল্পনা, ২০২৭ সালের শুরুতেই আসছে অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট!

অষ্টম বেতন কমিশন গঠন ও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটতে চলেছে। কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী ২০২৭ সালের শুরুর দিকেই এই বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে পারে। মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই নতুন কাঠামোটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। ফলে ২০২৭ সালে এটি বাস্তবায়িত হলেও কর্মচারীরা বিগত দিনগুলোর বকেয়া বা এরিয়ার একসাথে পেয়ে যাবেন।
বেতন বৃদ্ধির নতুন চমক ও ফিটমেন্ট ফ্যাক্টর
এবারের বেতন কমিশনে কর্মচারীদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। রিপোর্ট অনুযায়ী, নতুন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬৪ থেকে ২.৮৬-র মধ্যে নির্ধারণ করা হতে পারে। এই নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন একলাফে বিপুল পরিমাণ বৃদ্ধি পাবে। বর্তমানে যা ১৮,০০০ টাকা রয়েছে, তা বেড়ে সর্বনিম্ন ৪৭,৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ৫১,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
রিপোর্ট তৈরিতে কেন এই সময়
সাধারণত যেকোনো নতুন বেতন কমিশন গঠনের পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা শেষ করতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর এই অষ্টম বেতন কমিশন গঠন করেছিল এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৯ মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল। বিভিন্ন ইউনিয়ন ও দপ্তরের মতামত বা স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ জুন, ২০২৬ করা হয়েছে। এই সমস্ত তথ্য ও সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই ২০২৭ সালের প্রথমভাগে চূড়ান্ত রূপরেখা সরকারের কাছে পেশ করা হবে।
বকেয়া টাকার বড় সুবিধা
সরকারি নিয়ম অনুযায়ী, নতুন বেতন কমিশন বাস্তবায়নে যত সময় লাগুক না কেন, তা নির্ধারিত তারিখ অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর ধরা হয়। ফলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে যখনই এটি চূড়ান্তভাবে চালু হোক, কর্মচারীরা ২০২৬ সালের জানুয়ারি থেকে বাস্তবায়নের মাস পর্যন্ত পুরো সময়ের বর্ধিত টাকা বকেয়া বা এরিয়ার হিসেবে একসাথে পেয়ে যাবেন। উৎসবের মুখে বা বছরের শুরুতে এই বিশাল অঙ্কের বকেয়া প্রাপ্তি কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষাকে অনেকটাই বাড়িয়ে দেবে।