হঠাৎ কেন পুলিশের দ্বারস্থ ‘মহারাজ’! কার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

হঠাৎ কেন পুলিশের দ্বারস্থ ‘মহারাজ’! কার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুৎসা আর অপপ্রচারের জেরে এবার কড়া আইনি পদক্ষেপ নিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের সম্মান ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘মহারাজ’। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত মানহানির অভিযোগ দায়ের করেছেন তিনি।

পুলিশি অভিযোগে সৌরভ ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার থাকা এই পেজটি নিজেদের সৌরভের অফিসিয়াল ফ্যান পেজ বলে দাবি করে। প্রাক্তন ভারত অধিনায়কের অভিযোগ, এই পেজ থেকে প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট করা হচ্ছে, যা জনমানসে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত। এই বিষয়ে একটি স্পোর্টস ওয়েবসাইটের নামও পুলিশকে জানিয়েছেন তিনি।

ঠিক কী বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

আইনি পদক্ষেপের গুরুত্ব নিয়ে সৌরভ তাঁর আবেদনে স্পষ্ট জানিয়েছেন, “একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আমি খুব ভালো করেই জানি যে জনমত এবং সমালোচনা পাবলিক লাইফেরই একটা অংশ। কিন্তু আমার সম্মানহানি করার উদ্দেশ্যে যেভাবে বিভ্রান্তিকর ও ক্ষতিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।” এই পেজটির নেপথ্যে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে মামলা রুজু করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

কী নিয়ে এই চরম বিতর্ক?

বিতর্কের সূত্রপাত একটি রাজনৈতিক গুঞ্জনকে কেন্দ্র করে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সৌরভের মাধ্যমে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার বার্তা পাঠিয়েছিলেন, যাতে ওই আসনে উপনির্বাচনে সৌরভ নিজে দাঁড়াতে পারেন। এই খবর ছড়াতেই তীব্র প্রতিক্রিয়া জানান মহারাজ। তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এমন কোনও বার্তা দিতে বলেননি এবং ইউসুফ পাঠানের সঙ্গে তাঁর এই নিয়ে কোনও কথাই হয়নি। এই ফেক নিউজ ছড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ট্রোলিং ও কুৎসা বাড়তে থাকায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *