মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বিরাট অ্যাকশন! ফলতায় পুলিশের জালে জাহাঙ্গিরের স্ত্রী

ফলতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পরই এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। পুলিশের কাজে বাধা, থানা ঘেরাওয়ের চেষ্টা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন ধৃত জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’-র স্ত্রী। শনিবার সকালে ফলতা থানার পুলিশ তাঁকে পাকড়াও করে।
কী ঘটেছিল মঙ্গলবার?
গত মঙ্গলবার ধৃত জাহাঙ্গিরকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে স্থানীয়দের একাংশ প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, এই বিক্ষোভের মূল নেতৃত্বে ছিলেন স্বয়ং জাহাঙ্গিরের স্ত্রী। বিক্ষোভকারীদের থানা ঘেরাওয়ের পরিকল্পনাও ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ও পুলিশের পদক্ষেপ:
এই ঘটনার ঠিক পরের দিন, অর্থাৎ বুধবার ফলতায় একটি জনকল্যাণ শিবিরে কড়া প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া বা কোনওরকম গুন্ডামি, জঙ্গিপনা বরদাস্ত করা হবে না।” পাশাপাশি, পুলিশ সুপারকে নির্দেশ দেন, থানায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করতে হবে।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন করে মামলা দায়ের করে ফলতা থানা। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে খবর, জাহাঙ্গির-সহ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দেশদ্রোহিতার মামলাও রুজু করা হয়েছে।