টাকার টোপ ও এজেন্সির ভয়! ২০ বিদ্রোহী সাংসদকে তাড়াতে স্পিকারের দ্বারস্থ অভিষেক

টাকার টোপ ও এজেন্সির ভয়! ২০ বিদ্রোহী সাংসদকে তাড়াতে স্পিকারের দ্বারস্থ অভিষেক

নয়াদিল্লি: বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন! দলের ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্পিকারের সঙ্গে এক হাইভোল্টেজ বৈঠকের পর ২০টি পৃথক ‘ডিসকোয়ালিফিকেশন পিটিশন’ (পদচ্যুতির আবেদন) জমা দিয়েছে ঘাসফুল শিবির।

অচেনা দলে যোগদানের অভিযোগ:

রাজ্য বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে বিদ্রোহের আগুন জ্বলছে। জানা গেছে, ওই ২০ জন বিদ্রোহী সাংসদ ‘ন্যাশনালাইজড সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (NCPI) নামক একটি অচেনা দলে যোগ দিয়ে লোকসভায় পৃথক গোষ্ঠীর স্বীকৃতি চেয়েছেন। এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, “যে দলের নাম এরা নিজেরাও আগে কখনও শোনেনি, সেখানে গিয়ে যোগ দিয়েছে। স্বেচ্ছায় দল ছাড়লে সংবিধানের দশম তফসিল অনুযায়ী সদস্যপদ খারিজ হওয়া নিশ্চিত।” সুপ্রিম কোর্টের নির্দেশিকা মনে করিয়ে দিয়ে তিন মাসের মধ্যে এ বিষয়ে স্পিকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ইডি-সিবিআই ও টাকার টোপ!

মহারাষ্ট্রে শিবসেনা ভাঙার কায়দাতেই এই দলবদল করানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে এবং কোটি কোটি টাকার টোপ দিয়ে তৃণমূলের সাংসদদের কেনাবেচা করা হয়েছে। এই পুরো বিষয়টিকে তিনি ‘গণতন্ত্র ও সংবিধানের চূড়ান্ত অবমাননা’ বলে আখ্যা দিয়েছেন।

বিধানসভাতেও জারি সমান্তরাল লড়াই:

দিল্লির পাশাপাশি রাজ্য রাজনীতিতেও টালমাটাল পরিস্থিতি। গত সপ্তাহেই তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জনই দল ছেড়ে বিধানসভায় আলাদা গোষ্ঠীর স্বীকৃতি আদায় করেছেন। শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাঁরা বিরোধী দলনেতা হিসেবেও বেছে নিয়েছেন। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল তৃণমূল কংগ্রেস।

সব মিলিয়ে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের আগেই স্পিকার ওম বিড়লা এই ২০ জন বিদ্রোহী সাংসদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে বিদ্রোহী শিবিরের দাবি, খুব শিগগিরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও তাঁদের দলে নাম লেখাতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *