NEET পরীক্ষার ৫ দিন আগে চরম বিপর্যয়! অবসাদ সইতে না পেরে পরীক্ষার্থীর আত্মহত্যা

জয়পুর: দেশজুড়ে NEET পরীক্ষা নিয়ে চলা টানাপোড়েনের মাঝেই ফের এক মর্মান্তিক ঘটনা ঘটল রাজস্থানে। আগামী ২১ জুন দেশজুড়ে পুনরায় NEET পরীক্ষা হওয়ার কথা। কিন্তু তার মাত্র দিনকয়েক আগেই অবসাদ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন ২২ বছর বয়সি এক পরীক্ষার্থী। মঙ্গলবার রাজস্থানের শিকার জেলায় এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম উমেশ মালি।
পুলিশ সূত্রে জানা গেছে, আদতে রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা উমেশ তাঁর মা এবং ভাই-বোনের সঙ্গে শিকার জেলার পিপরালি রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। গত রবিবার উমেশ তাঁর পরিবারকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন। সোমবার তাঁর ভাই-বোন ফ্ল্যাটে ফিরে এসে দেখেন, ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলছেন উমেশ। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উদ্ধার সুইসাইড নোট, NEET বিতর্কই কি কারণ?
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে সেখানে ঠিক কী লেখা রয়েছে, তা তদন্তের স্বার্থে এখনও গোপন রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরীক্ষা নিয়ে চরম দুশ্চিন্তা ও অবসাদের জেরেই এই আত্মঘাতী সিদ্ধান্ত।
উল্লেখ্য, গত ৩ মে দেশজুড়ে NEET পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের মারাত্মক অভিযোগে সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আগামী রবিবার (২১ জুন) পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে NTA। ভালো পরীক্ষা দেওয়ার পরেও বাতিল হয়ে যাওয়া এবং নতুন করে পরীক্ষার মানসিক চাপ বহু পড়ুয়াই নিতে পারছেন না। এই নিয়ে রাজস্থানের শিকার জেলাতেই পরীক্ষা বাতিলের জেরে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটল। এর আগে প্রদীপ মেঘওয়াল নামে ২১ বছরের এক ছাত্রও পরীক্ষা বাতিলের অবসাদে প্রাণ হারিয়েছিলেন। একের পর এক মেধাবী পড়ুয়ার এই মর্মান্তিক পরিণতিতে গোটা দেশে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।