‘১২টার মধ্যে না এলে আদালতে যাব!’ এবার অরূপ বিশ্বাসকে চরম আল্টিমেটাম দিল বিধাননগর পুলিশ

‘১২টার মধ্যে না এলে আদালতে যাব!’ এবার অরূপ বিশ্বাসকে চরম আল্টিমেটাম দিল বিধাননগর পুলিশ

কলকাতা: মেসি কাণ্ডের তদন্তে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর চাপ আরও বাড়াল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবারের হাজিরা এড়ানোর পর, মঙ্গলবার সকালেই তাঁকে কার্যত চরম হুঁশিয়ারি দেওয়া হলো। পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আজ মঙ্গলবার বেলা ১২টার মধ্যে তিনি থানায় হাজিরা না দিলে সরাসরি আদালতের দ্বারস্থ হবেন তদন্তকারী আধিকারিকরা।

কিছুদিন আগেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সোমবার দুপুর ১২টায় সেই সময়সীমা পার হয়ে গেলেও তিনি থানায় আসেননি। এর ফলে পরপর তিনবার পুলিশের তলব এড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী অরূপ বিশ্বাসের তদন্তে সহযোগিতা করার কথা ছিল। কলকাতা হাই কোর্ট থেকে তিনি যে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেয়েছিলেন, তার অন্যতম প্রধান শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা। কিন্তু বারবার হাজিরা এড়ানোর মাধ্যমে তিনি তদন্তে অসহযোগিতা করছেন— এই অভিযোগ তুলেই এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে পুলিশ। এমনকি বর্তমানে প্রাক্তন মন্ত্রী কোথায় রয়েছেন, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য নেই কারও কাছে।

জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদের দাবি:

এদিকে, মেসি ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের বিরোধিতা করে তিনি আবেদন জানিয়েছেন যে, আদালতের নির্দেশের পরেও প্রাক্তন মন্ত্রী হাজিরা না দেওয়ায় তদন্ত প্রক্রিয়া থমকে যাচ্ছে। এর পাশাপাশি, জুঁই বিশ্বাসকেও যাতে এই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়, তার জন্য তিনি আইনি পদক্ষেপ করছেন বলে জানিয়েছেন।

মেসি-সংক্রান্ত এই হাইপ্রোফাইল মামলার তদন্তে অরূপ বিশ্বাসের ভূমিকা ও বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কিন্তু তাঁর এই লাগাতার ‘উধাও’ হয়ে থাকার জেরে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *