অন্যের বাড়ি দখল করে গুদাম, সরকারি জমি বিক্রির কারবার! মেদিনীপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুসময়

মেদিনীপুর: শালবনির জমি কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে। এবার মেদিনীপুর পুরসভার কনজারভেন্সি সিআইসি তথা ১৬ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়কে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। অন্যের বাড়ি দখল করে গুদামঘর বানানো থেকে শুরু করে সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলর সুসময়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছিল। তিনি প্রভাব খাটিয়ে অন্যের বাড়ি জোরপূর্বক দখল করে নিজের গুদামঘর বানিয়ে রেখেছিলেন। বাড়ির মালিক নিজের প্রাপ্য ভাড়া চাইতে গেলে তাঁকে উল্টে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে দখল করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তের পর গভীর রাতে গ্রেফতার:

নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে কোতোয়ালি থানার পুলিশ সুসময় মুখোপাধ্যায়কে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় মঙ্গলবার সকালে তাঁকে সরকারিভাবে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে মেদিনীপুর সিজেএম (CJM) আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

জেলাই জুড়ে অস্বস্তিতে তৃণমূল:

শালবনির জমি জালিয়াতি মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই মেদিনীপুরের রাজনৈতিক মহল উত্তপ্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুরসভার এক সিআইসি পদমর্যাদার নেতার এই কীর্তি প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল। জেলাজুড়ে দুর্নীতি ও জমি কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছে বিরোধী শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *