কালীঘাটে ফের সিআইডি হানা, কার বাড়িতে তল্লাশি চালালেন গোয়েন্দারা?

কালীঘাটে সিআইডি হানা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে তল্লাশি
কলকাতা: কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফের সিআইডি হানা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি রিনা গায়েন ওরফে নান্টির বাড়িতে অভিযান চালাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিট নাগাদ আচমকাই ২৯/ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে পৌঁছায় সিআইডি-র প্রতিনিধিদল। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর পৌনে ৩টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে এই বাড়ির দূরত্ব মাত্র ২৫০ মিটার।
সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে। গত ৪ মে প্রচারের সময় গণনার পর ডিজে বাজানোর বিষয়ে অভিষেক একটি মন্তব্য করেছিলেন, যা ‘উস্কানিমূলক’ বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি।
উল্লেখ্য, রিনা গায়েনের কন্যা অদিতি গায়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার ও সমাজমাধ্যম পরিচালনার কারিগরি টিমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিয়োনেল মেসির সঙ্গেও অদিতিকে দেখা গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি নির্ধারণে তাঁর ভূমিকা এবং সমাজমাধ্যমের কার্যকলাপ দেখভালের কারণেই সিআইডি এই তৎপরতা দেখিয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।