বিধাননগরে হাজিরা দিতেই বিপত্তি, অরূপ বিশ্বাসকে দেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ আইনজীবীদের!

উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, আলিপুর আদালতে দীর্ঘক্ষণ ‘বন্দি’
কলকাতা: যুবভারতীতে লিওনেল মেসির প্রদর্শনী ম্যাচ সংক্রান্ত অনিয়ম ও বিশৃঙ্খলার মামলায় জেরার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আলিপুর জজ কোর্টে এক আইনজীবীর চেম্বারে পৌঁছলে তাঁকে লক্ষ্য করে পচা ডিম ছোড়ার অভিযোগ ওঠে। উত্তেজিত জনতার বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ওই চেম্বারের ভেতর নিজেকে বন্দি রাখতে হয় প্রাক্তন মন্ত্রীকে। শেষপর্যন্ত পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, প্রদর্শনী ম্যাচ সংক্রান্ত মামলায় এর আগে তিনবার পুলিশি সমন এড়ালেও, কলকাতা হাইকোর্ট থেকে আইনি রক্ষাকবচ পাওয়ার পর এদিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। থানা থেকে বেরিয়ে তিনি আলিপুর জজ কোর্টে পৌঁছান। প্রাক্তন মন্ত্রীর আগমনের খবর চাউর হতেই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও আইনজীবীদের একাংশ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে পচা ডিম ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তিনি কাছেই এক আইনজীবীর চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেন। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ চেম্বারের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষপর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তাবলয়ে অরূপ বিশ্বাসকে সেখান থেকে বের করে গাড়িতে তুলে গন্তব্যে পাঠায়। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।