২২ বছর খেটেও মাসে জুটছে মাত্র ২০০০ টাকা! একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মিড-ডে মিল কর্মীরা

২২ বছর খেটেও মাসে জুটছে মাত্র ২০০০ টাকা! একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মিড-ডে মিল কর্মীরা

কলকাতা: দীর্ঘ ২২ বছর ধরে কেন্দ্রের প্রকল্পে হাড়ভাঙা পরিশ্রম করছেন তাঁরা। প্রতিদিন স্কুলের হাজার হাজার বাচ্চার মুখে অন্ন তুলে দিলেও, মাস ফুরোলে তাঁদের নিজেদের হাতে জুটছে মাত্র ২০০০ টাকা! চরম আর্থিক বঞ্চনার শিকার রাজ্যের মিড-ডে মিলের রন্ধনকর্মীরা এবার নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হলেন। আসন্ন রাজ্য বাজেটে তাঁদের বেতন বৃদ্ধির জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আর্জি পেশ করল ‘পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড-ডে মিল) ইউনিয়ন’।

আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে মাত্র দু’হাজার টাকায় সংসার চালানো যে কার্যত আসাম্ভব, তা বারবার মনে করিয়ে দিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব। তাই রাজ্য সরকার যাতে আসন্ন বাজেটে তাঁদের জন্য বিশেষ আর্থিক সুরাহার বন্দোবস্ত করে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার কর্মী।

কী কী দাবি তুলেছেন রন্ধনকর্মীরা? মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো আর্জিতে মূলত যে দাবিগুলি তুলে ধরা হয়েছে, সেগুলি হলো:

  • পূর্ণাঙ্গ বেতন: বছরে ১২ মাস কাজ করলে, পুরো ১২ মাসেরই সম্পূর্ণ বেতন দিতে হবে।
  • অবসরকালীন সুবিধা: বয়সকালে কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নির্দিষ্ট অবসরকালীন সুবিধার ব্যবস্থা করতে হবে।
  • উৎসব ভাতা: উৎসবের দিনগুলোতে তাঁদের মুখেও যেন হাসি ফোটে, তার জন্য অন্যান্য কর্মীদের মতো মিড-ডে মিল রন্ধনকর্মীদেরও ৫,০০০ টাকা উৎসব ভাতা বা বোনাস দিতে হবে।

বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে কাজ করা এই অবহেলিত কর্মীদের দাবি সরকার কতটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে এবং আসন্ন বাজেটে তাঁদের জন্য কোনো সদর্থক ঘোষণা থাকে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *