জন কল্যাণ শিবিরের পরেই বড় ঘোষণা, ১ জুলাই সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

রাজ্যজুড়ে চারদিনের ‘জন কল্যাণ শিবির’ শেষ হতেই রাজ্যের মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করল নবান্ন। আগামী ১ জুলাই থেকেই বহুপ্রতিক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে প্রকল্পের অগ্রগতি ও টাকা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ স্পষ্ট করেছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে গত ১ জুন থেকেই রাজ্যে এই ভাতা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা পেতে মহিলাদের নতুন করে আবেদন করতে হচ্ছে, যার জন্য রাজ্যজুড়ে ব্যাপক তৎপরতা দেখা গেছে।
রেকর্ড আবেদন ও যাচাইয়ের কাজ শেষ
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যজুড়ে প্রায় ১,১০০টি স্থানে আয়োজিত জন কল্যাণ শিবিরের মাধ্যমে ৫৪টি কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে চারদিনের শিবিরে রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ২৮ লক্ষ মহিলা গত ৩ জুন তাঁদের প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। এছাড়া, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলার নথিপত্র ভেরিফিকেশন বা যাচাইকরণ শেষে পোর্টালে আপলোড করা হয়েছে। নতুন করে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের মতো ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যাঁরা আগামী ১ জুলাই থেকে সরাসরি টাকা পেতে শুরু করবেন।
সামাজিক ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব
প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের ফলে গ্রামীণ ও শহরতলীর অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলির মহিলারা সরাসরি উপকৃত হবেন। মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার ফলে নারীদের স্বনির্ভরতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে তরল অর্থের জোগান বৃদ্ধি পাবে। এছাড়া, অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি আয়ুষ্মান ভারতে ২২ লক্ষ ২৩ হাজার ৬৭০ জন এবং অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ জন নাম নথিভুক্ত করায় স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও রাজ্যে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।