নিম্বলকর হত্যা মামলায় ২০ বছর পর নাটকীয় মোড়, আদালতের রায়ে নির্দোষ পদ্মসিংহ পাটিল!

নিম্বলকর হত্যা মামলায় ২০ বছর পর নাটকীয় মোড়, আদালতের রায়ে নির্দোষ পদ্মসিংহ পাটিল!

দীর্ঘ দুই দশক পর অবশেষে যবনিকা পড়ল মহারাষ্ট্রের ইতিহাসের অন্যতম হাই-প্রোফাইল রাজনৈতিক হত্যা মামলার প্রথম অধ্যায়ে। ২০০৬ সালের কংগ্রেস নেতা পবনরাজে নিম্বলকর হত্যা মামলায় রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের ভাই পদ্মসিংহ পাটিল-সহ আট অভিযুক্তকেই নির্দোষ বলে ঘোষণা করেছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই এবং ১২০ জনেরও বেশি সাক্ষীর বয়ান নথিভুক্ত করার পর শনিবার এই ঐতিহাসিক রায় দেন বিশেষ বিচারক এস আর নাভান্দর। তবে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে।

আদালতের পর্যবেক্ষণ ও তদন্তের খামতি

শনিবার বিশেষ বিচারক এস আর নাভান্দর তাঁর রায়ে জানান, মূল ষড়যন্ত্রের যোগসূত্র বা ‘চেন অফ কনস্পিরেসি’ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সিবিআই। মামলার তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকলেও তাদের পেশ করা অধিকাংশ তথ্যপ্রমাণই আদালত খারিজ করে দিয়েছে।

২০০৬ সালের ৩ জুন নভি মুম্বইয়ের কালাম্বোলির কাছে পবনরাজে নিম্বলকরের গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসমানাবাদের তৎকালীন প্রভাবশালী কংগ্রেস নেতা পবনরাজে ও তাঁর গাড়ি চালকের। ওসমানাবাদ জেলার রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে তৎকালীন বিধায়ক পদ্মসিংহ পাটিলের সঙ্গে পবনরাজের তীব্র দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে দাবি করা হয়েছিল। ২০০৯ সালে সিবিআই তাদের চার্জশিটে পদ্মসিংহ পাটিলকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে দাবি করে যে, পবনরাজেকে সরাতে খুনিদের ৩০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সেই দাবি আদালতে টিকল না।

মহারাষ্ট্রের রাজনীতিতে সম্ভাব্য প্রভাব

এই মামলার রাজনৈতিক গুরুত্ব বর্তমান সময়ে দাঁড়িয়েও অপরিসীম। নিহত পবনরাজের ছেলে ওমরাজে নিম্বলকর বর্তমানে শিবসেনার (ইউবিটি) সাংসদ। সম্প্রতি রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে, ওমরাজে সহ উদ্ধব শিবিরের পাঁচজন সাংসদ একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন। চলতি বছরের শুরুর দিকে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত দাবি করেছিলেন, এই মামলায় ওমরাজের পক্ষে আদালতের রায় পাইয়ে দেওয়ার টোপ দিয়েই মূলত তাঁর ওপর দলবদলের চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে শনিবার পদ্মসিংহ পাটিল নির্দোষ ঘোষণা হওয়ায় এবং সিবিআইয়ের চার্জশিট খারিজ হয়ে যাওয়ায় ওমরাজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ও এই অঞ্চলের দলীয় সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *